বিশ্বকাপের প্রথম দিনেই বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড
রাহুল রাজ : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘বি’ গ্রুপের ম্যাচে ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ সন্ধ্যা ৬ টায় খেলবে বাংলাদেশ। মঙ্গলবার আইসিসি ঘোষিত সূচিতে পাপুয়া নিউগিনির বিপক্ষে ওমানের ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপের এবারের আসর।
প্রথম পর্বে বাংলাদেশের অন্য দুটি ম্যাচে ১৯ ও ২১ অক্টোবর ওমান এবং পাপুয়া নিউ গিনির বিপক্ষে মাঠে নামবে।
এক নজরে বাংলাদেশ ম্যাচের সূচি
১৭ অক্টোবর : বাংলাদেশ-স্কটল্যান্ড
১৯ অক্টোবর : বাংলাদেশ-ওমান
২১ অক্টোবর : বাংলাদেশ-পাপুয়া নিউগিনি
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথমপর্ব থেকে চার দল যোগ দেবে সেরা আট দলের সঙ্গে। ১২ দল নিয়ে হবে সুপার-১২।
প্রথমপর্বে দুটি গ্রুপ রয়েছে। ‘এ’ গ্রুপে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নামিবিয়া আর নেদারল্যান্ডস। বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে।
সুপার-১২ এর খেলা মাঠে গড়াবে ২৩ অক্টোবর থেকে। আবুধাবির শেখ আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এই পর্বে প্রথম ম্যাচ হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে। একইদিনে বিকেলে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ মোকাবেলা করবে ইংল্যান্ডকে।
দ্বিতীয়পর্বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের বহুল প্রতীক্ষিত লড়াইটি মাঠে গড়াবে ২৪ অক্টোবর দুবাইয়ে। ৮ নভেম্বর প্রথমপর্বের গ্রুপ ১ রানারআপ দলের খেলতে হবে ভারতের বিপক্ষে।
টুর্নামেন্টের নকআউটে তিনটি ম্যাচই আয়োজন করবে দুবাই। ১০ এবং ১১ নভেম্বর সেমিফাইনাল। ফাইনাল ১৪ নভেম্বর একই ভেন্যুতে।
সুপার টুয়েলভ-এ ম্যাচ হবে ৩০টি। এখানে দলগুলোকে দুই গ্রুপে ভাগ করা হবে, ছয়টি করে দল থাকবে এক গ্রুপে। দুবাই, আবুধাবি ও শারজা তিন ভেন্যুতে হবে এই রাউন্ডের ম্যাচগুলো। এই রাউন্ড শেষে বাকি থাকবে দুটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচটি।
প্রথম রাউন্ডে তিনটি ম্যাচই বাংলাদেশ খেলবে ওমানের মাঠে। বাংলাদেশ প্রত্যাশিতভাবে ‘বি’ গ্রুপের সেরা হতে পারলে তাদের জায়গা হবে ভারত-পাকিস্তানের গ্রুপে।
স/এষ্

