ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপায় মঙ্গলবার সন্ধ্যায় পৃথক দু’টি অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ ১০টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ উসমান গনি ১০টি পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা প্রদান করেন।
উল্লেখ্য, মঙ্গলবার সন্ধায় ওই উপজেলার বগুড়া ইউনিয়নের কামান্না গ্রামে ও আবাইপুর ইউনিয়নের পাঁচপাখিয়া গ্রামে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ১০টি পরিবারের ১৮টি ঘর, গরু-ছাগল, আসবাবপত্রসহ ঘরে রক্ষিত ফসল ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে বুধবার সকালে শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মোঃ উসমান গনি ঘটনাস্থল বগুড়া ইউনিয়নের কামান্না ও আবাইপুর ইউনিয়নের পাঁচপাখিয়া গ্রামে ছুটে যান। ঘটনাস্থল পরিদর্শন ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলে ১০টি পরিবারকে ৫ হাজার করে মোট ৫০ হাজার টাকা নগদ প্রদান করেন। পরবর্তীতে আবেদনের প্রেক্ষিতে তাদেরকে আরো সহযোগিতার আশ্বাস দেন।
এসময় আবাইপুর ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাস ও বগুড়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
স/জনী

