খুব কষ্টে আছেন ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ কেন্দুয়ার শতাধিক পরিবার
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি–
খুব কষ্টে আছেন দুই মিনিটের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ হওয়া নেত্রকোণার কেন্দুয়ার ৩ গ্রামের শতাধিক পরিবার।
অনেকের মাথা গুজার ঘর উড়িয়ে নেওয়ায় খুব কষ্টে দিন যাপন করছেন এ সমস্ত ক্ষতিগ্রস্থ মানুষগুলো। বুধবার সকালে উপজেলার ভরাপাড়া, লস্করপুর পরাবাড়ী এবং বালিজুড়া বাজারের ক্ষতিগ্রস্থ এলাকা সরেজমিনে গেলে কথা হয় ক্ষতিগ্রস্থদের সাথে। তারা জানান, অনেকের বসত ঘর উড়িয়ে নেওয়ায় খুব কষ্টে তাদের দিন রাত কাটছে।
বুধবার (২ জুন) ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল এমপি। তিনি ১৩৬ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এ সময় ক্ষতিগ্রস্থদেরকে শান্তনা দিয়ে বলেন- আমরা আপনাদের পাশে আছি বাংলাদেশ সরকার আছে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আছেন। আপনারা আবার ঘুরে দাঁড়াবেন।
ত্রাণ বিতরণ ও পরিদর্শন কাজে সাথে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনউদ্দিন খন্দকার, পিআইও মেহেদী হাসান, ওসি (তদন্ত) হাবিবুল্লাহ খান, উপজেলা আ’লীগ সভাপতি এড. আব্দুল কাদির ভূঞা, সাধারণ সম্পাদক ও কেন্দুয়া পৌরসভার মেয়র আসাদুল হক ভূঞাসহ দলীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য গত সোমবার (৩১ মে) দুপুরে ২ মিনিটের আকস্মিক ঘূর্ণিঝড়ে বলাইশিমুল ইউনিয়নের ভরাপাড়া, লস্করপুর এবং নওপাড়া ইউনিয়নের পরাবাড়ী গ্রাম ও বালিজুড়া বাজারের কিছু অংশেরসহ শতাধিক ঘরবাড়ি গাছপালার ব্যাপক ক্ষতি হয়।
এ সময় ৫/৬ জন মারাত্মক আহত হয়ে চিকিৎসা নেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থলে ছুটে যান। বিভিন্ন সামাজিক সংগঠন থেকেও শুকনো খাবার বিতরণ করা হয়।
স/বি

