- সালথায় ৩০ টি বসতঘর ভাংচুর, আহত -৫
সালথা প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩০টি বসতঘর ভাংচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষের লোকজন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার যদুনন্দী ইউনিয়নের উথুলী ও দশ আনী খারদিয়া গ্রামে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এসময় ৫ ব্যাক্তি আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যাক্ষদর্শীরা জানান, খারদিয়া-উথুলী গ্রামের গ্রাম্য মাতব্বার রফিক মোল্যা, ইসমাইল চকিদার ও ইউনুছ মোল্যা গংরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর মিয়ার কয়েকজন সমর্থককে তাদের দলে মেশানোর জন্য চাপ প্রয়োগ করে। এনিয়ে বুধবার থেকে চলছিলো উত্তেজনা। এরই সুত্রধরে প্রতিপক্ষের দলে না মেশায় রফিক মোল্যার সমর্থক উথুলী গ্রামের ইসমাইল চকিদার ও ইউনুছ মোল্যার নেতৃত্বে শতাধিক লোকজন আলমগীর মিয়ার সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে অন্তত ৩০টি বসতঘর ভাংচুর ও লুটপাট করে নিয়ে যায় বলে স্থানীয়দের অভিযোগ।
তবে রফিক মোল্যার সমর্থকদের দুটি দোকানে হামলা ও ভাংচুর করে আলমগীর মিয়া সমর্থকরা বলে প্রতিপক্ষের অভিযোগ।
এসময় হামলা ঠেকাতে এসে ৫ ব্যক্তি আহত হয়।আহতদের মধ্যে মাসুম বিল্লাহ (১৬) নামের এক যুবককে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসিকুজ্জামান বলেন, ভাংচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়স্ত্রণে আনে। এলাকার পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এঘটনায় দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

