যদি লক্ষ্য থাকে অটুট
সালেহ্ বিপ্লব : [১] গণমাধ্যমের সামান্য এক কর্মী আমি। সাংবাদিকতা শিখতে এসেছিলাম, শিখে যাচ্ছি। সবারই পেশাগত জীবনে বহুবর্ণা অভিজ্ঞতা হয়, সংবাদপত্রে কাজ করতে এসে আমাদেরও হয়েছে। তবে অন্যান্য পেশার চেয়ে আমাদের পেশায় অনিশ্চয়তা অনেক বেশি, তাই অভিজ্ঞতাও একটু ভিন্ন ধরনের।
[২] এক কথায়, এটুকু বলি, সাংবাদিকতা পেশায় বেশিরভাগ মানুষেই খুব অল্পদিনে কঠিন বাস্তবতা মোকাবেলায় অভ্যস্ত হয়ে যায়। ঈদের আগে এবার বেতন হবে না, এই বাক্যটা আমার মতো সাংবাদিকের কাছে খুব সাধারণ একটা মেসেজ। এ নিয়ে টেনশন হতে পারে, ভেঙ্গে পড়ার কিছু নেই। নির্বিকার চিত্তে হাতের কাজে মন দিতে আমাদের বিন্দুমাত্র সমস্যা হয় না।
[৩] স্ত্রী-সন্তানরাও যেনো চমৎকারভাবে আমাদের সঙ্গে একাত্ম হয়ে গেছে। ছেলেকে নতুন পাজামা-পাঞ্জাবী কিনে দেয়া গেছে, কিন্তু নতুন জুতো কেনা সম্ভব হয়নি। সকালে ছেলে যাচ্ছে বাবার সঙ্গে নামাজ পড়তে, দরোজা বন্ধ করতে করতে মা আঁচলের খুটে চোখ মুছছেন, ছেলেকে বেশি কিছু কিনে দিতে না পারার বেদনায়। এমন ঘটনা আমাদের জীবনে বহুবার ঘটেছে, ঘটছে এবং ঘটবে। আবার আর দশজন চাকরীজীবীর মতো সবটুকু সাধ্য দিয়ে কোনও আক্ষেপ না রেখেই উৎসব করি, এটাও আমাদের জীবনে ঘটে। প্রতিষ্ঠানে টাকার সংকট সব সময় থাকে না, আমাদেরও টাকার কষ্ট সব সময় হয় না, এটাও দেখে আসছি।
[৪] চ্যানেল আইতে এক দশকের চাকরিজীবনে বেতন-ভাতার দিক দিয়ে কোনও সমস্যায় কখনোই পড়িনি। মাসের এক তারিখ শুক্রবার বা সরকারি ছুটি থাকলে আগের দিন বেতন দিয়ে দিতেন চ্যানেল আই কর্তৃপক্ষ। এর আগে-পরে সংবাদপত্র জীবনের চিত্রটা ভিন্ন।
[৫] যে কয়টি পত্রিকায় কাজ করেছি, সেসব প্রতিষ্ঠানের মধ্যে ‘আজকের কাগজ’ ছিলো পেমেন্টের দিক দিয়ে নিয়মিত। বেতন কম হয়তো, কিন্তু নিয়মিত। সেই অভিজ্ঞতাটা আবার হলো শ্রদ্ধেয় নাঈমুল ইসলাম খানের প্রতিষ্ঠানে কাজ করতে এসে। মাসের শেষ তারিখে বেতন দিয়ে দেয়ার রেওয়াজটাও তিনি সম্প্রতি চালু করেছেন।
[৬] নাঈম ভাইর পত্রিকায় বেতন কম। করপোরেট পুঁজিতে চলা প্রতিষ্ঠানের চেয়ে বেতনটা অবশ্যই কম। আমাদের এখানে কোন বিনিয়োগকারী নেই, পার্টনার নেই। নাঈম ভাইর কাছে কেউ চাকরি চাইলে তিনি ফেরান না। তবে সোজাসাপটা আগেই জানিয়ে দেন, প্রতিষ্ঠানের যে সামর্থ্য, তাতে আমরা আপাতত এই বেতন দিতে পারবো। আপনার কাজের ওপর ভিত্তি করে এটা নিয়মিতই বাড়তে থাকবে। যদি সম্ভব হয়, তাহলে জয়েন করেন। আমরা সবাই এভাবেই এখানে যোগ দিয়েছি, সব জেনে এবং মেনে। তাই বেতন কম, এই কথাটা আমার মুখে শোভা পায় না।
[৭] করোনা মহামারি আমাদের প্রতিষ্ঠানকে বড়ো ধাক্কা দিয়েছে। বেতন দিতে পারবেন কি না, প্রতিষ্ঠান ধরে রাখতে পারবেন কি না, এমন কঠিন প্রশ্নকে সামনে রেখে নাঈম ভাই স্থিরচিত্তে পরিস্থিতি সামাল দিয়েছেন। কয়েকটা মাস বেতনের আংশিক পাইনি , আবার সংকট কাটতেই আবার সব পেমেন্ট নিয়মিত হয়ে গেছে। করোনার পর থেকে এভাবেই চলছি আমরা, হয়তো ধীরগতিতে কিন্তু লক্ষ্যে অবিচল। সেকেন্ড ওয়েভেও আমরা বিপদাপন্ন।
[৮] সরকারের কাছে বিজ্ঞাপনের প্রচুর বিল আটকে পড়ায় আমরা আবারও সংকটে পড়েছি। এই যে ঈদ গেলো, এই ঈদে বোনাস তো হবেই না, বেতন দিতে পারবেন কি না, নাঈম ভাই নিজেই এই পরিস্থিতির কথা খোলাখুলি জানান।
[৯] নাঈম ভাই ঈদের আগে বেতন দেবেন না, এটা আমরা কেউই বিশ্বাস করি না। আমরা জানি, প্রতিষ্ঠান যদি খোলা থাকে আর আমাদের চাকুরি যদি বহাল থাকে, অবশ্যই আমরা ঈদের আগে টাকা পাবো। আমরা মানসিকভাবে প্রস্তুত ছিলাম, বেতনের একটা অংশ পাবো। সেটা কতো পার্সেন্ট, সেই নিয়ে কানাঘুষা করতে লাগলাম নাঈম ভাইর লেখা পড়ার পর।
[১০] কোনও একটা মেকানিজমে কালেকশনের সংকট যে আপাতত কেটে গেছে, সেটা আর কর্তৃপক্ষ আমাদের জানাননি। অ্যাকাউন্টসের শিরীন এসে যখন খাম দিলেন, তখনও জানি না, কতো পার্সেন্ট দিয়েছে। খামের ওপর টাকার অংকটা দেখে ভীষণ রকম অভিভূত হলাম, বেতনের পুরো টাকাটাই রয়েছে! এই আনন্দ সামাল দিয়ে উঠতে না উঠতেই খবর পেলাম, বোনাসও হবে।
[১১] বেতন হয়েছে। বোনাস হয়েছে। ঈদের ছুটিতে যারা কর্মস্থলে আছি, তাদের প্রত্যেককে সালামি দিয়েছেন নাঈম ভাই। আমি নির্বাহী সম্পাদক, আমার সালামির পরিমাণ আর কিচেনের রিনা খালার সালামির পরিমাণ একই। এই অনুভূতিটা দারুণ! ঈদের আনন্দ তো এখানেই!
[১২] সাধ্যের মধ্যে সর্বোচ্চ করার চেষ্টা, নাঈম ভাইর আরও অনেক বৈশিষ্ট্যের মতো এটাও আমার ভালো লাগে। আর পরিশ্রমও করেন প্রচুর। বিজ্ঞাপনের জন্য নিজের ঘাম ঝরান, শ্রদ্ধেয় সম্পাদক নাসিমা খান মণ্টিও অনেক সময় ও শ্রম দেন প্রতিষ্ঠানের জন্য।
[১৩] কোনও বিনিয়োগকারী ছাড়াই পেশাদার সম্পাদকের নেতৃত্বে তিনটি পত্রিকা, একটি অনলাইন এগিয়ে নিয়ে যাওয়ার এই যে অসামান্য লড়াই, তা সফল হবে, ইনশাআল্লাহ।
-সালেহ্ বিপ্লব
নির্বাহী সম্পাদক
দৈনিক আমাদের নতুন সময়
স/এষ্
– ফেসবুক থেকে

