ভালুকায় ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার ধীতপুর গ্রামে পূর্ব শত্রæতার জের ধরে এক পোল্ট্রি ব্যবসায়ি আসাদুল ইসলাম (৪৮) কে ছুরিকাঘাতে খুন করেছে মেহদী হাসান ওরফে আরাফাত (২০) ও তার ৩/৪ সহযোগী। ঘটনাটি ঘটেছে সোমবার (১৯এপ্রিল) ইফতারের আগ মুহূর্তে। নিহত আসাদুল উপজেলার বিরুনীয়া ইউনিয়নের ভাওয়ালিয়াবাজু গ্রামের শামছুদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন পূর্বে ভাওয়ালিয়াবাজু বাজারে কোন এক ঘটনায় মেহদীর সাথে আসাদুলের কথা কাটাকাটি হয়। সেই সূত্র ধরে এ হত্যাকান্ড ঘটেছে বলে নিহতের বোন আফরোজা দাবী করেছে। ঘটনার সময় ভাওয়ালিয়াবাজু থেকে অটোযোগে আসাদুল তার শশুর বাড়ি যাওয়ার জন্য ধীতপূর আকন্দ বাড়ির সামনে গিয়ে নামেন।
এ সময় মেহদী তার সহযোগীদের নিয়ে আসাদুলের উপর ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে। আসাদুলের আত্নচিৎকারে আশপাশের লোকজন চলে আসলে মেহদী ও তার সহযোগিরা পালিয়ে যায়। স্থানীয়রা আসাদুলকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেহদী হাসান উপজেলার ধীতপুর গ্রামের আব্দুল মতিন আকন্দের ছেলে। আসাদুল ভাওয়ালিয়াবাজু বাজারে পোল্ট্রি খাদ্য ব্যবসা।
ভালুকা মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, প্রতিপক্ষের ছুরিকাঘাতে আসাদুল নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে রাতে মেহেদীর সহযোগী একই এলাকার জন্ডু মিয়ার ছেলে রবিন (১৮) ও একই এলাকার তাজুল ইসলামের ছেলে সাব্বির (১৭) কে গ্রেফতার করেছে পুলিশ।
অন্যান্য আসামীদেরকেও ধরার চেষ্টা চলছে। নিহতের ছোট ভাই নাজমুল হক বাদী হয়ে ৩ জন সহ অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামী করে ভালুকা মডেল থানায় মামলা নং-৩৪ তাং- ২০/০৪/২০২১ইং দায়ের করেন।
স/বি

