রাজধানীর দক্ষিণখানে ব্যবসায়ীকে গুলি করে হত্যা, আওয়ামী লীগ নেতা জাপানি হান্নানসহ গ্রেপ্তার ৬
মাসুদ রানা: বুধবার দুপুরে আইনুসবাগে প্রকাশ্যে ব্যবসায়ী আবদুর রশিদকে (৩৫) হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ আমিনুল ইসলাম হান্নান ওরফে জাপানি হান্নান, তার ছেলে, ভাই ও চার সহযোগিকে আটক করেছে। আধিপত্য ও পূর্ব শত্রুতার জেরধরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আবদুর রশিদ ওই এলাকার আবদুল মালেকের ছেলে। তিনি রড-সিমেন্ট ও বালুর ব্যবসা করতেন। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রশীদ ও হান্নানের মধ্যে বিরোধ চলছিলো। সর্বশেষ বালু রাখা কেন্দ্র করে রশীদের কাছে চাঁদা দাবি করে হান্নান। রশিদ চাঁদা দিতে রাজি না হওয়ায় তাকে হান্নান শটগান দিয়ে ৩ রাউন্ড গুলি করে হত্যা করে।
এ ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন হান্নানের বাসার সামনে রাখা তার ব্যক্তিগত গাড়ি পুড়িয়ে দেয় ও তার বাড়িতে হামলা করে। হান্নান নিজেকে জাপান- বাংলাদেশ মানবাধিকার সংস্থার সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে চাঁদাবাজি করতেন।
পুলিশের উত্তরা বিভাগের ডিসি মো. শহিদুল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে আবদুল হান্নানের সঙ্গে আবদুর রশিদের বিরোধ চলছিলো। এর জের ধরেই আবদুর রশিদের বাসার সামনে হান্নানের সঙ্গে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। হান্নান তখন বাসা থেকে শটগান এনে রশিদকে একাধিক গুলি করেন। পরে আশপাশের বাসিন্দারা তাকে উদ্ধার করে স্থানীয় কেসি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ঘটনার পর হান্নানের বাসায় তল্লাশি চালিয়ে একটি শটগান ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। এগুলো লাইসেন্স করা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে দক্ষিণখানে ব্যবসায়ী আব্দুর রশিদকে গুলি করে হত্যার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে আসেন আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম হান্নান ওরফে জাপানি হান্নান।
বুধবার বেলা ১১টা ৩৯ মিনিটে নিজের আইডি থেকে লাইভে আসেন তিনি। তবে লাইভে তিনি সরাসরি যুক্ত ছিলেন না। তার পক্ষে তার মেয়ে লাইভটি করেন। তবে পেছন থেকে মেয়েকে নির্দেশনা দিতে দেখা গেছে জাপানি হান্নানকে।
দক্ষিণখান থানাধীন আশকোনায় ময়লার ব্যবসা নিয়ন্ত্রণ কেন্দ্র করে সকালে আওয়ামী লীগ নেতা জাপানি হান্নান ও সোহেল রেজা গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।
স/এষ্

