সুনামগঞ্জে বিজিবির গুলিতে কৃষকের মৃত্যু
এলাকায় চরম উত্তেজনা,পুলিশ মোতায়ন
আল-হেলাল,সুনামগঞ্জ : সুনামগঞ্জের বনগাঁও সীমান্তে বিজিবির গুলিতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে এলাকাবাসীর মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।
সে জন্য রবিবার সকাল থেকে ঘটনাস্থল এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। নিহত কৃষকের নাম হল মোঃ কামাল মিয়া (৩৫)। সে জেলার সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। শনিবার (৬ মার্চ) সন্ধ্যায় গুলিবৃদ্ধ কামালকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান,বনগাঁও সীমান্ত দিয়ে প্রতিদিনের মতো শনিবার দুপুরে ভারত থেকে চোরাচালানীরা গরু পাচাঁর করে নিয়ে যাওয়ার পর টহলে যায় বিজিবি। ওই সময় সীমান্তের ১২১৫ নং পিলার সংলগ্ন স্থানে কৃষক কামাল মিয়া তার গৃহপালিত গরুকে ঘাস খাওয়াচ্ছিল। তখন বিজিবি সদস্যরা কামাল মিয়ার গরুকে ভারত থেকে পাচাঁর করা গরু দাবী করে ক্যাম্পে নিয়ে যেতে চায়। ওই সময় এলাকার লোকজন ছুটে আসে এবং গরুটি কামাল মিয়ার পালিত গরু বলে প্রমান দেয়।
তারপরও বিজিবি সদস্যরা উত্তেজিত হয়ে কামাল মিয়াকে লক্ষ্য করে গুলি চালায়। তারপর শুরু হয় দুইপক্ষের মধ্যে সংঘর্ষ। এ ঘটনায় বিজিবির এক সদস্য আহত হয়। তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর গুলিবিদ্ধ কামালকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়। বর্তমানে কামালের লাশ ময়না তদন্তের জন্য সিলেট রয়েছে বলে জানা গেছে।
এব্যাপারে কামালের বোন আমেনা ও আত্মীয় রাজীব আহমদ জানান,কামাল পেশায় একজন কৃষক সে চোরাচালানের সাথে জড়িত নয়। কথা কাটাকাটির কারণে তাকে গুলি করে খুন করেছে বিজিবি। আমরা এই হত্যাকান্ডের সুবিচার চাই।
সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক মাকসুদুল আলম সাংবাদিকদের জানান,চোরাচালানিদের হামলায় বিজিরির ল্যান্স নায়েক থুই হলা মং মারমা আহত হলে আত্মরক্ষার্থে ২ রাউন্ড গুলি চালাতে বাধ্য হয় বিজিবি। এ ঘটনার প্রেক্ষিতে বিজিবির পক্ষ থেকে চোরাচালানিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরো বলেন,নিহত কামাল হোসেন বিসিএফ ও বিজিবির তালিকায় একজন চোরাকারবারী হিসেবে তালিকাভূক্ত ছিল।
স/এষ্

