রেলকর্মচারি’র দাড়ি উপড়ে ফেললেন আ.লীগ নেতা
কুষ্টিয়া প্রতিনিধি॥ কুষ্টিয়ায় শহিদুল ইসলাম (৭০) নামে এক রেলকর্মচারিকে মারপিট ও তার দাড়ি উপড়ে ফেলার অভিযোগ উঠেছে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ওই আওয়ামীলীগ নেতা কুষ্টিয়া পৌর আওয়ামীলীগের ১০ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খানের ছেলে ওয়াহেদ খান রনি (৩৫)।
এঘটনায় ওই কর্মচারি শহিদুল ইসলামের ছেলে মাসুদ রানা বাদী হয়ে ওয়াহেদ খান রনিসহ তার ৮ সহযোগী’র নাম উল্লেখ করে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির।
পুলিশ সূত্রে জানা গেছে,শুক্রবার রাতে ওয়াহেদ খান রনি, আনোয়ার হোসেন,রাজা, সোহেল রানা, নুর আলম, রুস্তম, সুজন কানা, লিটন ও রিপনসহ আরও ১৫-২০ জন পূর্বশক্রতার জেরে দেশীয় অস্ত্র নিয়ে শহিদুলকে ঘিরে ফেলে। এ সময় ওয়াহেদ খান রনিসহ দুজন রেলকর্মচারির বুকের ওপর উঠে লাথি মারতে থাকেন। একপর্যায়ে শহিদুল ইসলামের ছেলে মাসুদ রানাসহ কয়েকজন এগিয়ে আসলে মারধর করে চলে যায় তারা।
আহত রেল কর্মচারি শহিদুল ইসলাম জানান,আওয়ামী লীগ নেতা রনি আমাকে মারধর করেছেন। এমনকি আমার দাড়ি উপড়ে ফেলা হয়েছে। আমি এর বিচার চাই।
এ ব্যাপারে ওয়াহেদ খান রনির সঙ্গে মুঠোই ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি কলটি রিসিভ করেনি।
কুষ্টিয়া মডেল থানা (ওসি) শওকত কবির বলেন,অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
স/এষ্

