বঙ্গবন্ধু আমাদের অস্তিত্বের জায়গা
কুষ্টিয়া প্রতিনিধি॥ কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি। মঙ্গলবার বেলা ১১টায় শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক জিয়া উদ্দিনের সঞ্চালনায় পরিষদের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এসময় তারা ভাস্কর্য ভাঙচুরকে ইতিহাসের লজ্জা জনক অধ্যায় বলে উল্লেখ করে তীব্র নিন্দা জানান। পাশাপাশি এই ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তারা বলেন,বঙ্গবন্ধু আমাদের অস্তিত্বের জায়গা। বঙ্গবন্ধুকে আঘাত করা মানে বাংলাদেশকে আঘাত করা। শুধু বাংলাদেশ না, দেশের বাইরেও যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা,সম্মানের সাথে স্মরণ করা হচ্ছে তখন এই মুজিব বর্ষে এ রকম ঘটনা ঘটেছে। বিএডিসিতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা এ ঘটনায় নিন্দা জানান।
কুষ্টিয়ায় কর্মরত বিএডিসি’র যুগ্ম পরিচালক (সার) সেলিম হায়দার বলেন, আমরা বাঙালী হিসেবে খুব লজ্জিত, শোকাহত। কারণ আমাদের বিজয়ের মাসে যখন আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে যাচ্ছি ঠিক সেই সময়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং একাত্তরের স্বাধীনতা বিরোধীদের কর্মকাণ্ড।
মানববন্ধনে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কুষ্টিয়ায় কর্মরত বিএডিসি’র যুগ্ম পরিচালক(সার) সেলিম হায়দার, মুজিব নগর প্রকল্পের পিডি নুরুল ইসলাম, বিএডিসি উপ পরিচালক(পাট) গোলক নাথ,উপ পরিচালক আলু (বীজ)আশরাফুল ইসলাম,(বীজ বিপনন) আবু জাফর প্রমুখসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
স/এষ্

