দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১
কুষ্টিয়া প্রতিনিধি ॥ কুষ্টিয়া পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ১৩নং ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে সোহেল সরকার নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৩জন। আহতদের মধ্যে দুইজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পৌরসভার ১৩নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী দুইজন। বর্তমান কাউন্সিলর রবিউল ইসলাম রবি ও মাহবুবর রহমান পাখি এই ওয়ার্ডে কাউন্সিলর পদ-প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন। নিহত সোহেল সরকার কাউন্সিলর প্রার্থী মাহবুবর রহমান পাখি’র সমর্থক ও একই এলাকার বজলু সরকারের ছেলে।
স্থানীয়রা জানান,শুক্রবার রাত ১০টার দিকে পৌরসভার ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাহবুবর রহমান পাখি, তার ভাই ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রমজান ও সমর্থক সোহেল সরকারসহ অন্যরা ত্রিমহোনী বটতলা মোড়ে প্রচারনা চালানোর কাজ করছিল। এসময় বর্তমান কাউন্সিলর ও প্রার্থী রবিউল ইসলাম রবি দলবল নিয়ে পাখি ও তার ভাইয়ের উপর হামলা চালায়।
এসময় সোহেল বাঁধা দিলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় রবি ও তার লোকজন। ধাক্কায় মাটিতে পড়ে অসুস্থ হয়ে পড়েন সোহেল। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
এদিকে গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে পাখির ভাই মাজহারুল ইসলাম রমজান ও মোস্তাফিজুর রহমান।
কুষ্টিয়া মডেল থানার (ওসি) আবুল কালাম এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,রাতে দুই প্রার্থীর মধ্যে সংঘর্ষে ধস্তাধস্তির সময় একজন মারা গেছে। এ বিষয়ে থানায় মামলা হচ্ছে।এঘটনায় কয়েকজন আহত হয়েছে।
স/এষ্

