মুন্সীগঞ্জ ডাক বিভাগে নেই আগের মত কর্ম তৎপরতা
এম এম রহমান: মুন্সীগঞ্জ জেলা শহরের প্রধান ডাক বিভাগ (পোষ্ট অফিসে) আগের মত নেই কর্ম তৎপরতা। নেই গ্রাহদের উপচে পড়া ভিড়। আধুনিক বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে মুহূর্তেই সব সংবাদ ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। প্রযুক্তির ছোঁয়া লেগেছে সারা দুনিয়ায়। পিছিয়ে নেই আমাদের দেশও। ঘরে ঘরে কম্পিউটার।
হাতে হাতে মোবাইল ইন্টারনেট। বৃহদাকার দুনিয়াটাকে হাতে মুঠোয় এনে দিয়েছে প্রযুক্তি। এরও আগে যখন ডাকেরই প্রচলন হয়নি, তখন পোষা পায়রার পায়ে বেঁধে প্রিয়জনের কাছে বার্তা পাঠাতো মানুষ। এরপর এলো ডাকযোগ। প্রিয়জনের চিঠি পাওয়ার আশায় ডাকপিয়নের পথ চেয়ে থাকার দিন শুরু হলো। সেই যুগ আর নেই। আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে চিঠি যেন হারিয়ে যেতে বসেছে।
অথচ কিছুকাল আগেও চিঠির ব্যবহার ছিল দেখার মতো। এক সময় পোষ্ট অফিসে খাম, পোস্টকার্ড, ডাকটিকিট, মানি অর্ডারসহ নানা পরিসেবা যুক্ত ছিল। আর বর্তমানে ডাকবিভাগের সেই সোনালি দিনগুলো এখন কেবলই অতীত। ইন্টারনেট সেবা চালু হওয়ার আগ পর্যন্ত শহর-বন্দর ও গ্রাম-গঞ্জে চিঠি লেখার উৎসব ছিল। এক বাড়ি থেকে আরেক বাড়ি লোকে ছুটে যেত চিঠি লেখার জন্যে।
বার্তা আদান প্রদানে চিঠির বদলে সবার ভরসা এখন নতুন নতুন প্রযুক্তি। মোবাইল ফোন থেকে শুরু করে ইমেইল, ইন্টারনেট, ফেসবুক, ইমো, ভাইবার, টুইটারসহ কত প্রযুক্তির সুবিধা আজ সবার জন্যে অবারিত। এখন শহরের চেয়ে খুব একটা পিছিয়ে নেই উপজেলার গ্রামগুলোও।
মুন্সীগঞ্জ জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছেও এখন এসব সুবিধা পৌঁছে গেছে। যখন ইচ্ছে প্রিয়জনের সাথে যোগাযোগের সুযোগটা তারাও নিচ্ছে। এখন শহর থেকে গ্রামের প্রত্যন্ত অজপাড়াগাঁয় পৌঁছে গেছে ইন্টারনেট ও ইমেইল সেবা। তাই ডাকঘরের মাধ্যমে মান্ধাতা যুগের চিঠি, টেলিগ্রাম সেবার প্রয়োজন ফুরিয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, পোষ্ট অফিসে আর আগের মত নেই চিঠি পাঠানোর দীর্ঘ লাইন। কিছু কিছু মানুষ মুন্সীগঞ্জ প্রধান ডাক ঘরে আসছেন সঞ্চয়ের টাকা জমা দিতে বা রেভিনিও স্টাম্প কিনতে। অধিকাংশ সয়ম ফাঁকা থাকেছে । লোকজনের আনাগোনাও কম।
সেবা বলতে মনি অর্ডার, ইএমও ইস্যু বিলি, বিভিণ্ন প্রকার সঞ্চয়পত্র ইস্যু ও মুনাফা প্রদান, মেয়াদ হিসাব ব্যাংকের সকল প্রকার কার্যক্রম, রেজি:পত্র বিলি, জিপিই, পার্সেল, ভিপিপি, বিপিএল, বুকপোষ্ট, স্টাম্প ও রেভিনিউ বিক্রি। তবে বেশীর ভাগ লোকজন আসে সঞ্চয়পত্র ক্রয় এবং মুনাফা নিতে। অন্যদিকে গ্রামাঞ্চলের অধিকাংশ ডাকঘর দিনের পর দিন বন্ধ থাকছে।
অধিকাংশ ডাকঘরে নেই কোনো ডাকবাক্স। দুই একটি থাকলেও তার মধ্যে চিঠির কোনো ছিটেফোঁটা নেই। ডাক বিভাগের সেই সোনালী ঐতিহ্য আজ আর নেই। বর্তমান মোবাইল ফোনের যুগে এসে ওঠে যাচ্ছে চিঠি লেখার প্রচলন। চিঠির সেই স্থান দখল করেছে মোবাইল ফোন, ই-মেইল, ইন্টারনেট।
সুত্র জানায়, মুন্সীগঞ্জ জেলায় ৬টি প্রধান ডাক ঘরের মধ্যে ৫ টি মুন্সীগঞ্জ জেলার প্রধান ডাক বিভাগের নিয়ন্ত্রনে আছে। গজারিয়া উপজেলার ডাক বিভাগটি এখন পার্শবর্তী নারায়নগঞ্জ জেলার নিয়ন্ত্রনে পরিচালিত হচ্ছে। এছাড়াও জেলার ৬৭ টি ইউনিয়নে যেসব পোষ্ট অফিস রয়েছে সেগুলোর বেহাল দশা।
প্রতিটি ডাকঘরে একজন ডাক বিলিকারী ও একজন পোস্টমাস্টার রয়েছে। তবে ডাকঘরগুলোতে রানার বা ডাক বিলিকারীর কোনো খোঁজ মেলে না মাসান্তরেও। অন্যদিকে সপ্তাহান্তেও দেখা মেলে না পোস্টমাস্টারের। অন্যদিকে একবিংশ শতাব্দীর ডিজিটাল এই যুগে অনেক কিছুরই আধুনিকায়ন হলেও ডাক বিভাগের খুব একটা উন্নতি ঘটেনি।
সরকারি ডাক বিভাগের পাশাপাশি বেসরকারিভাবে বিভিন্ন সংস্থা কুরিয়ার সার্ভিস নামে যে চিঠি ও টাকা পয়সা আদান প্রদানের মাধ্যম চালু করেছে তা ব্যাপক জনপ্রিয়তাও অর্জন করেছে। এসব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অল্প ও সঠিক সময়ে সেবা পাওয়ায় মানুষের কাছে তা গ্রহণযোগ্যতাও পেয়েছে।
এরূপ করুণ অবস্থার কারণে ডাক বিভাগের প্রতি আস্তা ও বিশ্বাস হারিয়ে ফেলেছে সাধারণ মানুষ। এ অবস্থায় ডাক বিভাগের পুরাতন ঐতিহ্য ফিরিয়ে আনতে আধুনিকরণের দাবি জানিয়েছেন এলাকাবাসীরা।
সঞ্চয়পত্র ক্রয় করতে আসা নারী মনি বেগম বলেন, মাঝে মধ্যে মনি অর্ডার করতে আসি। আজকে সঞ্চয়পত্র করতে আসছি। তবে পোষ্ট অফিসে আগের মত লোকগমাগম নেই। তবে পোষ্ট অফিসের সেবার চেয়ে বেসরকারী কোরিয়ার সার্ভিসেই বেশী সেবা পাচ্ছি। ডাক বিভাগকে আরো অনেক আধুনিক করা খুব জরুরি।
রেভিনিউ কিনতে আসা যুবক শিবলী বলেন, জেলা শহরের প্রধান এই ডাক বিভাগটি ঝকঝকে আর চকচকে দেখা গেলেও সেবার মান সেই আদি যুগেই আছে। চিঠি বিলিতেও দেরি হাতে পেতেও দেরি। অথচ সেরকারী কোরিয়ার সার্ভিস অথবা এস এ পরিবহনে যেকোন পন্য পাঠালে দ্রুত পৌছানো সম্ভব হয়।
মুন্সীগঞ্জ প্রধান ডাক বিভাগের পোষ্ট মাষ্টার মো: মোসলেম হাওলাদার বলেন, জেলা শহরের এই ডাক বিভাগে মানুষ মনি অর্ডার, সঞ্চয়পত্র ক্রয় এবং মুনাফা সংগ্রহসহ নানা প্রয়োজনে আসে। ভবনের কাজ চলছে পাশাপাশি গুরুত্বপূর্ন পদে জনবল সংকট রয়েছে ৭ জনের। নতুন ভবনটি উদ্বোধন আর লোকবল নিয়োগ হলে সেবার মান আরো বাড়বে। মানুষ আস্তে আস্তে ডাক বিভাগের প্রতি আস্থাশীল হচ্ছে।
স/এষ্

