মুন্সীগঞ্জ শহরে জমে উঠেছে শীতের পিঠা বিক্রি
এম এম রহমান: মুন্সীগঞ্জ শহর জুড়ে জমে উঠেছে শীতের পিঠা বিক্রির দোকানগুলো। শীত মৌসুমের শুরুতেই পিঠা ব্যবসায়ীদের পিঠা বিক্রির ধুম পড়েছে। উপজেলার বিভিন্ন লোকালয়ে চলছে পিঠা বিক্রি। এ ব্যবসায় অনেকেই ভাল আয় করছে বলে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানায়। এ ব্যবসায় তেমন বেশি পুঁজি লাগেনা। জ্বালানী হিসেবে লাকড়ি বা খড়ি, কিছু গুড়, নারকেল ও চাউলের গুড়া দিয়ে শুরু করা হয় এ ব্যবসা।
শহরের ৫টি পয়েন্টে এবং উপজেলার বিভিন্ন হাটবাজারগুলাতে শীত মৌসুমে জমজমাট ভাপা ও চিতই পিঠার ব্যবসা শুরু হয়। শীত এখনও আসেনি তবে শীত যে আসতে শুরু করেছে সেটা ভোর সকালে আন্দাজ করা যায়। শহরজুড়ে পিঠা বিক্রির দোকানগুলোই জানান দিচ্ছে শীত চলে আসছে।
দোকানগুলোতে বিকেল থেকেই ছিলো ক্রেতাদের সংখ্যা চোখে পরার মত। এ ব্যবসা চলে বিকাল থেকে গভীর রাত পর্যন্ত। পিঠা বিক্রি জমে উঠে সন্ধ্যার পর থেকে। সন্ধ্যায় পরে দোকানে ক্রেতাদের ভিড় থাকে অনেক বেশি।
সমাজের সকল শ্রেণীর লোকেই পিঠা খেতে যায়। কেউ টুলে বসে কেউ বা দাঁড়িয়ে পিঠা খায়। আবার অনেকে বাড়ির জন্য কাগজে করে নিয়ে যায়। অনেক মৌসুমী ব্যবসায়ী ধুপি পিঠা ছাড়াও চিতই বানিয়েও বিক্রি করেন। আবার চিতই পিঠার সাথে ধনিয়া পাতা, মরিচ, সরষে, শুঁটকি বাটা দিয়েও পিঠা বিক্রি করে। এসব পিঠার এক একটির দাম নেয়া হয় ৫ থেকে ১০টাকা। পিঠা তৈরীর বেশির ভাগ দোকানের ব্যবসায়ী হয় মহিলা। পাশাপাশি পুরুষরাও তৈরি করে এ পিঠা।
সরেজমিনে মুন্সীগঞ্জ শহরের লঞ্চঘাট, থানাপুল, মানিকপুর, দর্পনাহল, মুন্সীগঞ্জ বাজার রোড এবং পুরাতন কাচারি এলাকায় শীতের পিঠা বিক্রি করতে দেখা যায়, খালইষ্ট বাজার সংলগ্ন বঙ্গবন্ধু সড়কে পুর্বপাশে হযরত আলীর দোকানে গাড়ী চালক সুজন, ব্যবসায়ী আরজু এবং আলী হোসেনসহ তিনজন লোক দাঁড়িয়ে ভাপা পিঠা খাচ্ছে।
এসময় তাদের কাছে জানতে চাওয়া হলো শীতের আগমনের আগেই পিঠা খাচ্ছেন। এসময় তারা বলেন, শীতের শুরুতে পিঠা খাওয়া এক অন্য রকম স্বাদ। শীতের পুরো মৌসুম পড়ে আছে। এখন নতুন নতুন যে স্বাদ আর তৃপ্তি পাবো সেটা আর পড়ে পাবো না। কারন প্রতিদিন পিঠা খেতে খেতে অভ্যস্ত হয়ে যাবো।
পৌরসভার পূরাতন কাচারি মোড়ের পিঠা বিক্রেতা শামীম জানান, প্রতিবছর শীত এলেই আমরা পিঠা বিক্রি শুরু করি। শীতের প্রকোপ যত বেশী থাকে পিঠা বিক্রিও তত বেড়ে যায়। এখনও শীত আসেনি তবুও প্রতিদিন ভালোই বিক্রি হচ্ছে। অধিক পরিমান নারিকেল আর গুঁড় দিয়ে তৈরী ভাপা পিঠা বিক্রি করছি ২০ টাকা করে। ৪ দিন আগে শুরু করেছি বিক্রি চলবে পুরো শীতের মৌসুম জুড়ে।
মুন্সীগঞ্জ বাজারের সামনে থাকা পিঠা বিক্রেতা মো: হযরত আলী চমক নিউজকে জানান, প্রতিদিন বিকাল থেকে রাত ১০টা পর্যন্ত দুই থেকে তিন হাজার টাকার পিঠা বিক্রি করি। যে পিঠায় গুড় ও নারকেল দেয়া হয় সেসব পিঠার ক্রেতাও বেশী। শীতের হিমেল হাওয়ার তীব্রতা যতই বেশী বাড়বে পিঠার বিক্রি ততই বেড়ে যাবে। শীত এখনও আসেনি তবুও ক্রেতারা শীতের সময়টার মতই পিঠা খাচ্ছে।
স/এষ্

