বাংলাদেশের টেস্টের বিশ বছর, প্রাপ্তি চেয়ে হাহাকারই বেশি
রাহুল রাজ : টেস্ট ক্রিকেটে যাত্রার ২০ বছর পূর্ণ করল বাংলাদেশ। ২০০০ সালের ১০ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে মর্যাদার টেস্ট আঙিনায় প্রবেশ করে বাংলাদেশ।
ভারতের বিপক্ষে অভিষেক টেস্টের পর প্রথম জয় পেতে অপেক্ষা করতে হয়েছিলো ৫ বছর। চট্টগ্রাম ২০০৫ সালে আসে স্বপ্নীল জয়টি জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর পদ্মা গঙ্গার অনেক জল গড়িয়েছে। এলিট ফরম্যাটে বাংলাদেশ এখন কুড়ি বছরের যুবক। কিন্তু, যুবক বয়সে বাংলাদেশের টেস্টে অর্জনের খাতা কতোটা সমৃদ্ধ? কতোটা প্রত্যাশার প্রাপ্তি মেলাতে পেরেছেন ক্রিকেটাররা? সাদা পোশাকের লাল বলে রঙিন কি হয়েছে টাইগারদের সব অর্জন?
গত ২০ বছরে ক্রিকেটের সবচেয়ে অভিজাত এই ফরম্যাটে টাইগারদের পদচারণা খুব সুখকর নয়। কিছু খণ্ড খণ্ড সুখস্মৃতি অবশ্যই রয়েছে। কিন্তু ২০ বছর আগের আশা, স্বপ্নের সঙ্গে বর্তমান বাস্তবতার ফারাক অনেক বেশি। প্রত্যাশিত উন্নতি, কাঙ্ক্ষিত অবস্থান কোনোটাই পায়নি বাংলাদেশ।
টেস্টে এখনো সংগ্রাম করছে বাংলাদেশ, র্যাংকিংয়ের তলানির দল। লম্বা সময়ে টাইগারদের হারের তালিকায় দীর্ঘ হয়েছে প্রতিনিয়ত। ১১৯ টেস্টে মাত্র ১৪টি জয়। হার ৮৯, ড্র ১৬। জয়গুলোর অর্ধেকই (৭) খর্বশক্তির জিম্বাবুয়ের বিরুদ্ধে।
টেস্টে ২০ বছর পূর্ণ হওয়ার দিনে চাওয়া-পাওয়া হিসেব মিলালে প্রাপ্তির চেয়ে হাহাকারই বেশই থাকবে। সবচেয়ে বড় যে কথাটি মিলবে- বড় শক্তি হতে বাংলাদেশকে পাড়ি দিতে হবে অনেক পথ। আশা থাকবে, রাজকীয় এই ফরম্যাটে বাংলাদেশ সব আক্ষেপ দূর করুক। রঙিন পোশাকের মতো সাদা পোশাকেও উড়ুক স্বপ্ন ঘুড়ি।

