মিরপুর উপজেলার ধুবইলে টিআর-কাবিখার টাকা জাসদ নেতার পেটে!
কুষ্টিয়া প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের হাজীপাড়া ওয়াক্ত মসজিদ উন্নয়নের লক্ষ লক্ষ টাকা লুটপাট করেছে জাসদ নেতা ও সাবেক মেম্বর জালাল উদ্দিন। অথচ এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না সরকারের সংশ্লিষ্ট বিভাগ। ফলে বরাদ্দের টাকা নয়ছয় চলছে।
এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকারের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন। অভিযুক্ত জালাল উদ্দিন মিরপুর উপজেলা জাসদ শ্রমিকজোটের সভাপতি ও ধুবইল ইউনিয়ন জাসদের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
২০১৯-২০২০ অর্থবছরে মিরপুর উপজেলায় কাবিখার প্রকল্পের অধীনে ধুবইল হাজীপাড়া ওয়াক্ত মসজিদ উন্নয়নের জন্য ৮টন গম যার মূল্য প্রায় ২লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়।
সেই প্রকল্পের চেয়ারম্যান ছিলেন জাসদ নেতা জালাল উদ্দিন। এই সুযোগে মসজিদ উন্নয়নের বরাদ্দের সব টাকা উত্তোলন করেছেন তিনি। নামমাত্র কাজ করে কাবিখা প্রকল্প সম্পন্ন দেখিয়ে বিল উত্তোলন করেছেন। শুধু তাই নয়,দীর্ঘদিন ধরে বিভিন্ন অর্থবছরে টিআর প্রকল্প ও কাবিখা প্রকল্পেও ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে এই জাসদ নেতার বিরুদ্ধে। বিষয়টি ইউনিয়ন এলাকাজুড়ে চলছে আলোচনা-সমলোচনা।
নামপ্রকাশ না করার শর্তে জাসদ নেতাকর্মী ও স্থানীয়রা জানান,জাসদ নেতা জালাল উদ্দিন বিভিন্ন সময় স্থানীয় এমপি বরাদ্দকৃত টিআর-কাবিখা প্রকল্পের টাকা আত্মসাৎ করে আসছে। মসজিদ উন্নয়নের কাজের কোনো নামগন্ধ নেই,টাকা অথচ যথারীতি তা হরিলুটও হয়ে গেছে। অনেকটাই এমন হয়েছে যে ‘ধরি মাছ না ছুঁই পানি’।
নামমাত্র কাজ করে এই প্রকল্পের বরাদ্দের টাকা আত্মসাৎ করে সেই টাকা নিজের পেটে রেখেছেন। নামে-বেনামে প্রকল্প দেখিয়ে প্রকল্পের টাকা আত্মসাৎ করার অভিযোগও রয়েছে এই নেতার বিরুদ্ধে। এতে ক্ষোভপ্রকাশ করেছেন গ্রামবাসী। তদন্ত করে জাসদ নেতা জালাল উদ্দিনের শাস্তির দাবি জানান তারা।
ধুবইল হাজীপাড়া ওয়াক্ত মসজিদ কমিটির সভাপতি দছের আলী বলেন,এ প্রকল্পের টাকা দিয়ে ৮গাড়ী বালু ফেলেছে। এদিক ওদিক কিছু টাকা খরচ হয়েছে। তবে কারা কি করেছে এটা তো আমার জানা নাই। এ বিষয়ে জাসদ নেতা জালাল উদ্দিন বলেন,ইউনিয়ন নির্বাচনে আমি মনোনয়ন পাচ্ছি বলেই আমার বিরুদ্ধে গ্রামে ষড়যন্ত্র চলছে। তা ছাড়া কিছু না।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল কাইয়ুম খানের সঙ্গে মুঠোই ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি কলটি রিসিভ করেননি। মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস বলেন,বিষয়টি খোঁজ নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
স/এষ্

