ঝালকাঠিতে রঙ-তুলির আঁচড়ে চলছে শেষ সময়ের প্রস্তুতি
মোঃমোছাদ্দেক হাওলাদার,ঝালকাঠি॥ শুভ্র শরতে এবার মেঘমেদুর বরষা। বৃষ্টিসিক্ত আবহাওয়ায় পার হয়েছে মহালয়া। বলা হয়, শারদীয় দুর্গোৎসবের সূচনা। গত মাসের বৃহাস্পতিবার (১৭ সেপ্টেম্বর) থেকে দুর্গাপূজার ক্ষণগণনা শুরু হয়ে গেছে। অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তি প্রতিষ্ঠায় মর্ত্যলোকে আসবেন দেবী দুর্গা।
তাই আর মাত্র কয়েকদিন পরেই ঢাকে কাঠি পড়বে। শুরু হবে শারদীয় দুর্গোৎসব। ঝালকাঠিজুড়ে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দিন-রাত এক করে এখন রঙ আর তুলির আঁচড়ে শেষ রূপায়নের কাজ করছেন প্রতিমাশিল্পিরা। আগামী ২১ শে অক্টোবর বোধনের মধ্য দিয়ে দশভূজা দেবী দর্শন দেবেন তার ভক্তদের।
ধূপ,ধুনুচি আর ঢাকের তালে ক’দিন পরেই মেতে উঠবে ঝালকাঠি। ইতোমধ্যে দুর্গোৎসবকে সামনে রেখে মন্ডপ সাজানো ও নতুন জামা-কাপড় কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন জেলার সনাতন ধর্মালম্বীরা।তবে প্রতিবারের মতো এবার জমকালো আয়োজনে পালিত হবে না দুর্গোৎসব। মহামারী করোনার সংক্রমণের আশঙ্কায় সরকারী নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা পালন করা হবে।
ঝালকাঠি পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বাবু তরুন কুমার কর্মকার জানান, এবার ঝালকাঠি জেলার চার উপজেলার ১৭০টি মন্ডপে দুর্গাপূজার আয়োজন করা হবে। এরমধ্যে ঝালকাঠি সদরে ৭২ টি, নলছিটিতে ২২ টি,রাজাপুরে ২১ টি, কাঠালিয়ায় ৫৭ টি মন্ডপ প্রস্তুত করা হয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝালকাঠির প্রতিটি মন্ডপে ও মন্দিরকে সরকার ৫০০ কেজি করে চাল বিতরণ করাছে বলে জানান তিনি।
সরেজমিনে ঘুরে দেখাযায়, ঝালকাঠির প্রতিটি মন্ডপেই এখন শেষ সময়ের প্রস্তুতি চলছে। দুর্গোৎসবকে সামনে রেখে প্রতিমা ও প্রত্যেকটির বিভিন্ন অনুষঙ্গ তৈরি, নিখুঁতভাবে কাজ ফুটিয়ে তোলা এবং রঙয়ের কাজে ব্যস্ত সময় কাটছেন প্রতিমাশিল্পিদের। যেনো ঘুম নেই তাদের চোখে। প্রাপ্তি যোগের আশায় মনের আনন্দে চলছে পার্বণের জোর প্রস্তুতি।
প্রতিমা নির্মাতা সজল পাল বলেন, ভাদ্র মাসের পনেরো তারিখ থেকে তারা প্রতিমা তৈরি শুরু করছেন, কাজ প্রায় শেষ। এখন শুধু প্রতিমাগুলোতে চূড়ান্ত রঙ লাগিয়ে পোশাক পরিচ্ছদে সুসজ্জিত করা হচ্ছে বলে জানান তিনি।
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ হাবিবুল্লাহ রহমান চমক নিউজকে জানান, শারদীয় দুর্গা পূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য এবার বিভিন্ন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
পূজা শুরুর প্রথম দিন থেকে প্রতিমা বিসর্জনের দিন পর্যন্ত পুলিশ সর্তক অবস্থায় থাকবে। তিনি আরো জানান, করোনার কারনে লোকজনের সমাগম ও বিশৃঙ্খলা এড়াতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
স/এষ্

