বাঘারপাড়া(যশোর) প্রতিনিধি: বাঘারপাড়ায় রাজিয়া খাতুন (২৪) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। রাজিয়া যশোর শহরতলীর পাগলাদহ এলাকার মোজাহার বিশ্বাসের ছেলে শহিদ বিশ্বাসের দ্বিতীয় স্ত্রী এবং মণিরামপুর উপজেলার রসুলপুর গ্রামের জালাল উদ্দিনের মেয়ে। মঙ্গলবার সকালে খাজুরার মামুন ব্রিকসের সামনে থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় সন্দিগ্ধ হিসেবে ওই গৃহবধূর স্বামী শহিদুলকে আটক করা হয়েছে। আটক শহিদুল যশোরের আলোচিত চুন্নু হত্যা মামলার প্রধান আসামি। এখবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) জামাল আল নাসেরসহ পুলিশের কর্মকর্তারা।
রাজিয়ার স্বামী শহিদুল সাংবাদিকদের জানান, তিনি প্রায় ছয় মাস আগে রাজিয়াকে বিয়ে করেন। এটা তার দ্বিতীয় বিয়ে। আগের ঘরে রাকিব নামে চার বছরের একট সন্তান রয়েছে শহিদুলের। বিয়ে করার পর রাজিয়াকে নিয়ে বাঘারপাড়ার জহুরপুর এলাকার ‘মামুন ব্রিকসে’ শ্রমিকের কাজ নেন তিনি।
শহিদুলের দাবি, গত সোমবার মণিরামপুর উপজেলারড়ড় রসুলপুরে রাজিয়াকে নিয়ে তার বাবার বাড়িতে ছিলেন তিনি। সন্ধ্যায় স্ত্রীকে নিয়ে কর্মস্থল ইটভাটায় ফেরেন। এদিন রাত দুইটার দিকে কয়েক ব্যক্তি ‘ভাটার লোক’ পরিচয়ে তার ঘরের দরজা খুলতে বলে।
দরজা খোলা মাত্রই ঘরে ঢুকে তাকে মারপিট শুরু করে ওই ব্যক্তিরা। এক সুযোগে তিনি শহিদুল দৌড়ে পাশের মাঠে পালিয়ে যান। এর দুই ঘণ্টা পর ভাটার নৈশপ্রহরীকে নিয়ে ঘরে গিয়ে দেখেন, তার স্ত্রীর বিবস্ত্র নিথর দেহ পড়ে আছে। ভাটার মালিক মামুনকে জানালে তিনি পুলিশে খবর দেয়।
শহিদুল আরো জানান তার দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এসব বক্তব্য সঠিক কি-না তা যাচাই করে দেখছে পুলিশ। ইটভাটার নৈশপ্রহরী আবু তাহের বিশ্বাস বলেন, সোমবার দিনগত রাত চারটার দিকে কাদা-পানি মাখা অবস্থায় শহিদ ভাটার অফিসে এসে আমাকে ডাকে।
শহিদের সাথে গিয়ে দেখি তার স্ত্রীর উলঙ্গ লাশ ঘরের সামনে পড়ে আছে। আমি সাথে সাথে ভাটার মালিককে ফোন করে বিষয়টি জানাই। খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জুম্মান খান জানান, ভাটার মালিকের ফোন পেয়ে ভোর পাঁচটার দিকে ঘটনাস্থলে পৌঁছায়।
ওই সময় ভাটার পশ্চিম পাশ্বে ঝুঁপড়ি ঘরের সামনে মাটিতে ওই গৃহবধূর লাশ পাওয়া যায়। নিহত গৃহবধূর স্বামী শহিদকে জখম অবস্থায় লাশের পাশে ছিলেন। প্রাথমিকভাবে শহিদকে চিকিৎসা দেওয়া হয়। লাশের সারা শরীরে ব্লেড দিয়ে কাটা ও ইটের আঘাতের চিহ্ন রয়েছে ।
জানতে চাইলে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আল-মামুন বলেন, ‘গৃহবধূর স্বামী যশোরের আলোচিত চুন্নু হত্যা মামলার প্রধান আসামি। দীর্ঘদিন ভারতে পালিয়ে থাকার পর এক বছর আগে দেশে ফিরে বিভিন্ন ইটভাটায় কাজ করতো সে।
এলাকায় তার প্রতিপক্ষ রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
স/এষ্

