বরিশাল প্রতিনিধি ॥ ঝালকাঠির কাঠালিয়ায় ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে ২৯ কিলোমিটার ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করছেন বরিশাল পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মোঃ হারুন অর রশীদ। ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন’র উদ্যোগে এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক ও উপমন্ত্রী এ.কে.এম. এনামুল হক শামীম এর নির্দেশনায় গত বুধবার (৩জুন) বিকেলে উপজেলার আমুয় ইউনিয়নের লঞ্চঘাট এলাকা থেকে আওরাবুনিয়া ইউনিয়নের জাঙ্গালিয়া পর্যন্ত ট্রলার যোগে ধ্বসে যাওয়া বাঁধ সরেজমিনে তিনি পরিদর্শন করেন।
এসময় এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে টেকসই স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য প্রধান প্রকৌশলীর নিকট জোর দাবী জানান। এলাকাবাসী বলেন, ঝড় জলোচ্ছাসে প্রতিটি দুর্যোগে বাঁধ বিপন্ন হয়। স্বাধীনতার ৪৭ বছর পার হলেও বাঁধ নির্মাণের কোন উদ্যোগ নেই। ঘূর্ণিঝড় আম্পানের ঝড় জলোচ্ছাসে বাঁধটি ভেঙ্গে নিম্নাঞ্চল প্লাবিত হয়। ভেসে গেছে মাছের ঘের, বিধ্বস্ত হয়েছে বাড়ী-ঘর, উপড়ে গেছে অসংখ্য গাছপালা।
পরিদর্শনশেষে প্রধান প্রকৌশলী হারুন আর রশীদ বলেন, আম্পানের আঘাতে বিশখালী নদীর তীরবর্তী বেড়িবাঁধ নদী গর্ভে বিলীন হয়েছে। যত দ্রুত সম্ভব কাঠালিয়া উপজেলার ২৯ কিলোমিটার পূর্ণাঙ্গ টেকসই বাঁধ নির্মাণ কাজ শুরু করার আশা ব্যক্ত করেন তিনি।
বজলুল হক হারুন এমপি বলেন, কাঠালিয়ার মানুষের যেমন প্রাণের দাবি বেড়িবাঁধ নির্মাণ, তেমনি এলাকার সংসদ সদস্য হিসেবে আমারও প্রাণের দাবি এটি। সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং কর্তৃপক্ষের সাথে এ বিষয়টির সমাধানে আমি অফিসিয়াল এবং মৌখিকভাবে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছি। খুব শিগ্রই বেড়িবাঁধ নির্মাণ করে কাঠালিয়া উপজেলাকে রক্ষা করার মধ্য দিয়ে উপজেলাবাসীর প্রাণের দাবিটি বাস্তবায়ন করা হবে ইনশাহ আল্লাহ।
পরিদর্শনকালে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ শফি উদ্দিন, কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হক মনির, ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান সিকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদার, ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, মোঃ কামরুজ্জামান লিটন, বিআরডিবির চেয়ারম্যান কাওসার আহম্মেদ জেনিভ, জেলা পরিষদ সদস্য মো. শাখাওয়াত হোসেন অপু উপস্থিত ছিলেন।
স/এষ্

