মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের ছয়ঘড়িয়াকান্দি গ্রামে সদ্য ঢাকা ফেরত এক ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইন মেনে চলার পরামর্শ দেয়ায় ককটেল হামলা ও বাড়ীঘর ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত ৮টার দিকে ছয় ঘড়িয়াকান্দি গ্রামের বিল্লাল বেপারীর বাড়ীতে এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সুত্র জানায়, ছয় ঘড়িয়াকান্দি গ্রামের জলিল নামের একজন ব্যক্তি গতকাল ঢাকা থেকে গ্রামে চলে আসে। আসার পর পর সে স্বাস্থ্যবিধি না মেনে গ্রামে আগেরমত চলাফেরা শুরু করে। এরপর গ্রামের লোকজন জলিল গাজীর ভাতিজা জয়নাল গাজীকেও বিষয়টি অবগত করেন।
এ সময় জয়নাল গাজী এবং আমিনুল গাজী নামক দুজন ব্যক্তি ক্ষিপ্ত হয়ে বলে আমার চাচা তার বাড়ীতে থাকবে নাকি রাস্তায় ঘুরবে এটা তার ব্যক্তি স্বাধীনতা। এ নিয়ে প্রথমে বিল্লাল গাজীর সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জয়নাল গাজী (২৮) পিতা করিম গাজী , আমিনুল গাজী (২০) পিতা আবু নেছার গাজী গংরা বিল্লালের বাড়ীতে গিয়ে ককটেল বিস্ফোরন এবং ভাংচুর চালায়। এতে বিল্লালের ঘরের বেড়া, চালের টিন এবং ঘরের আসবাবপত্রের ব্যাপক ক্ষতি হয়।
ভুক্তভোগী বিল্লাল বেপারী জানান, জলিল গাজী ২০ দিন আগে হুট করে ঢাকা থেকে গ্রামে চলে আসে । তারপর ওই দিনই ঢাকা চলে যায়। গতকালও তিনি ঢাকা থেকে গ্রামের বাড়ীতে চলে আসে। আমি এবং গ্রামের লোকজন তাকে বলেছি করোনা মহামারি রোগ। কখন কে আক্রান্ত হয় তার কোন গ্যারান্টি নাই।
আপনি আপাতত স্বাস্থ্যবিধি মেনে বাড়ীতেই থাকুন । এই বিষয়টি তার ভাতিজা জয়নাল এবং করিমকেও অবগত করি। আর এতেই তারা ক্ষিপ্ত হয়ে আমার ঘরে ককটেল নিক্ষেপ এবং ভাংচুর করে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে ।
হামলার বিষয়ে জানতে চেয়ে জয়নাল গাজী এবং করিম গাজীর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।
স/এষ্

