এম এম রহমান,মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়াঘাটে দক্ষিণবঙ্গের ঘরমুখো মানুষের ভিড় লক্ষ করা গেছে। পাশাপাশি ঢাকাগামী যাত্রীদের ও ছিলো ভিড়। শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুট দিয়ে দক্ষিণবঙ্গের দিকে মানুষের ঢল নামে। ঈদের দুই-এক দিন আগে যেমন যাত্রীচাপ দেখা যায়, ঠিক তেমনই।
সকাল থেকেই শিমুলিয়া ঘাট দিয়ে শত শত যাত্রী পার হতে শুরু করে। ফেরিতে ছিল ছোট গাড়ির চাপ। এ ঘাট থেকে চন্দ্রের বাড়ি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার ফেরি পারপারের অপেক্ষায় থাকা ছোট গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায়। তবে করোনার এ মহামারীর সময় যাত্রীদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই ছিল না। সামাজিক দূরত্ব মানা তো দূরের কথা, গাদাদাগি করে তারা ফেরি পার হয়েছেন। অনেকের মুখে ছিল না মাস্ক।
যাত্রীদের সামাজিক দূরত্ব নিয়ন্ত্রণে পদ্মা সেতুর টোল প্লাজায় চেক পোস্ট বসিয়েছে জেলা ও হাইওয়ে পুলিশ। ঘাটের ৩ কিলোমিটার অদূরে টোল প্লাজায় যানবাহনে চড়ে আসা যাত্রীদের নানা প্রশ্নের মুখোমুখি পড়তে হচ্ছে। দক্ষিণবঙ্গ থেকে ফেরি ও ট্রলারে পদ্মা পাড়ি দিয়ে শিমুলিয়ায় আসার পর অটোরিকশা, মিশুক, মোটরসাইকেলে করে ঢাকার উদ্দেশে ছুটছেন যাত্রীরা।
পক্ষান্তরে প্রাইভেটকার, মাইক্রো ও মোটরসাইকেলে করে হাজারো ঘরমুখো যাত্রী রাজধানী ছেড়ে ছুটে এসেছেন শিমুলিয়া ঘাটে। বিআইডব্লিউটিসির শিমুলিয়াঘাটের উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, শিমুলিয়াঘাটে উভয়মুখেই যাত্রীদের চাপ দেখা গেছে। ঘাটে ছোট ছোট প্রায় ৬ শতাধিক যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে।
মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক সিরাজুল কবির জানান, মনে হচ্ছে ঈদের কেনা-কাটা শেষে লোকজন বাড়িতে ফিরছে। দক্ষিণবঙ্গমুখী শত শত লোক শিমুলিয়া-কাঁঠালবাড়ি দিয়ে গ্রামের বাড়িতে ছুটছে। এই তো মাত্র কয়েক দিন আগেও ঢাকামুখী যাত্রীর ঢল ছিল।
আর এখন শুরু হয়েছে দক্ষিণবঙ্গমুখী ঢল। সেই সঙ্গে বেড়েছে ছোট ছোট গাড়ির চাপ। এক- দেড় কিলোমিটার ছড়িয়ে পড়েছে ছোট গাড়ির চাপ। ঢাকা থেকে লোকজন বিভিন্ন ধরনের ছোট ছোট গাড়িতে করে মাওয়ায় এসে ফেরি পার হচ্ছে।
স/এষ্

