ইবি সংবাদদাতা:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীন দেশের মাদ্রাসা ফাযিল (ডিগ্রি) ৩ বছরের কোর্স ৫ বছরেরও শেষ করতে পারছে না শিক্ষার্থীরা । দুই বছরের সেশন জটে পিষ্ট হচ্ছে তারা। ফলে হতাশ ও ক্ষোভ প্রকাশ করছেন অভিভাবক ও শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা যায়, মাদ্রাসা ফাযিলের ২০১২-১৩ ও ২০১৩-১৪ এবং ২০১৪-১৫ শিক্ষাবর্ষের পরীক্ষা ২০১৬ সালে শেষের দিকে অনুষ্ঠিত হয়। গত বছরের ৩০ অক্টোবর পরীক্ষা শেষ হয়। নিয়মানুযায়ী এসকল পরীক্ষা ২০১৫ সালে অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু সেশন জটের ফলে ২০১৬ সালের শেষের দিকে অনুষ্ঠিত হয়। ফলে ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ২০১৫ সালে ফাযিল সমাপ্ত হওয়ার কথা থাকলেও সেশন জটের কারণে তা সম্ভব হয়ে ওঠে নি। তাদের ৩ বছরের কোর্স সমাপ্ত করতে ৫ বছর সময় লেগে যাচ্ছে।
এদিকে পরীক্ষার ৫ মাস অতিবাহিত হলেও এখনো ফল প্রকাশ করতে পারিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। খাতা মূল্যায়ণ শেষে ওএমআর শিট না পাওয়ায় ফল প্রকাশ করতে পারছে না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্ববিদ্যাললয়ের বাইরের পরীক্ষকরা খাতা মূল্যায়ণ শেষে যথা সময়ে ওএমআর শিট জমা দিয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক এখনো খাতা মূল্যায়ন শেষে ওএমআর শিট জমা দেননি। ফলে আটকে আছে ফল প্রকাশ। দ্রুত খাতা জমা দেওয়ার জন্য পরীক্ষা নিয়ন্ত্রক দফতর থেকে ইতোমধ্যে তাদের নোটিশ প্রদান করা হয়েছে।
২০১২-১৩ শিক্ষা বর্ষের শিক্ষার্থী আল-আমিন ক্ষোভ প্রকাশ করে বলেন,‘আশা করেছিলাম ৩ বছরের মধ্যে ফাযিল শেষে নিবন্ধন দিব। কিন্তু ৫বছরেও তা শেষ করতে পারছি না। তৃতীয় বর্ষের ফল প্রকাশিত না হওয়ায় অনেক চাকরির আবেদন করতে পারছি না। ফলে দিন দিন হতাশ হয়ে যাচ্ছি।’
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এ কে আজাদ লাভলু বলেন, ‘যেসকল পরীক্ষক এখনো ওএমআর শিট জমা দেননি ভিসি স্যারের নির্দেশে তাদের নোটিশ প্রদান করা হয়েছে। আশা করি অতি দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করতে পারবো।’
স/জনী

