বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে উপজেলা পরিষদের কৃষি দ্বিতল ভবন টেন্ডার বা নিলাম ডাক না দিয়ে অবৈধভাবে ভাঙার ফেলার প্রতিবাদে উপজেলা পরিষদ চেয়ারম্যান সামসুল আলম খাঁন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তাহির এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। বদলগাছী প্রেসক্লাবে বৃহস্পতিবার সকাল ১১ টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ সংবাদ সম্মেলন করেন উপজেলা চেয়ারম্যান।
এ সময় তিনি অভিযোগ করে বলেন, উপজেলা পরিষদের কৃষি দ্বিতল ভবন সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা কোনো নীতিমালা অনুসরণ না করে ভেঙে ফেলেন। কীভাবে ভাঙলেন, কোন অর্থ খরচ করে ভাঙলেন তিনি কিছুই জানেন না। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই গণমাধ্যমে লেখালেখি শুরু হয়।
তারপরে ভবনটি ভেঙে ফেলাসহ ভাঙা মালামাল, আসবাবপত্র নিলামে বিক্রি করার তিনি সিদ্ধান্ত নেন। এ সংক্রান্ত একটি রেজুলেশনে গত দুইদিন আগে আমার কাছে স্বাক্ষর নিতে আসলে আমি স্বাক্ষর দেইনি। কারণ আমি উপজেলা পরিষদের সভাপতি। অথচ আমিই জানি না ভবনটি কিভাবে ভাঙা হচ্ছে।
এ ছাড়া উপজেলা পরিষদের দুর্যোগ মোকাবেলা ফাণ্ড হতে ত্রাণ বিতরণের নামে ৫ লাখ টাকা উত্তোলন করা হয়েছে যা সবকিছু এককভাবে ব্যয় করেন। এতে প্রকৃত ক্ষতিগ্রস্থ মানুষগুলো বঞ্চিত হচ্ছে। তার বিভিন্ন কাজ কর্মের স্বচ্ছতা নিয়ে সাধারণ মানুষের মাঝে নানা প্রশ্ন উঠেছে। এ ছাড়া কৃষকের উপস্থিতি ছাড়া আমার সাথে পরামর্শ না করে খাদ্যগুদামে ধান সংগ্রহে কৃষক নির্বাচন লটারী সম্পন্ন হয়।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. মোখলেছুর রহমানের সঙ্গে কথা বললে তিনি জানান, গণপূর্ত মন্ত্রনালয় কর্তৃক একটি মডেল মসজিদ বরাদ্দ হয়েছে। এই মসজিদের জায়গা সংকট। উক্ত প্রকল্পটি বাস্তবায়নের লক্ষে গত ১০ মার্চ উপজেলা পরিষদ হল রুমে সভা করে উপজেলা চেয়ারম্যানের সভাপতিত্বে এমপির উপস্থিতিতে ভবনটি ভাঙার সিদ্ধান্ত গৃহীত হয়।
বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার লিখিতভাবে অবগত করা হয়েছে। কোনো সিদ্ধান্ত না আসায় মডেল মসজিদ নির্মাণের স্বার্থে সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক দ্বিতল ভবন ভেঙ্গে ফেলা হয়। দ্বিতল ভবন ভাঙ্গা মালামাল হেফাজতে রয়েছে। শীঘ্রই সকল নীতিমালা সম্পন্ন করে তা নিলাম দেওয়া হবে। এতে অনিয়ম হওয়ার কোনো সুযোগ নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আবু তাহির বলেন, সভার সিদ্ধান্ত অনুযায়ী ভবনটি ভাঙা হয়েছে। এবং মালামাল শীঘ্রই সকল নীতিমালা সম্পন্ন করে তা নিলাম দেওয়া হবে।
এ বিষয়ে সাংসদ ছলিম উদ্দিন তরফদারের সঙ্গে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, উপজেলা চেয়ারম্যান যে অভিযোগ তুলেছে তা ঠিক না। যেদিন সাধারণ সভা হয়েছে সেদিন উপজেলা চেয়ারম্যান ছিলেন।
স/এষ্

