বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি : ত্রাণ ও অর্থ আত্মসাতের কারণে নওগাঁর বদলগাছীতে বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মো. আয়েন উদ্দীনের বিরুদ্ধে ইউপি সদস্যরা অনাস্থা প্রস্তাব দিয়েছেন। রোববার বিকেল তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিতভাবে এ অনাস্থা প্রস্তাব দেন।
অভিযোগকারী ইউপি সদস্যরা জানান, শেখ মো. আয়েন উদ্দীন ইউপি সদস্যদের সাথে অসদাচরণ করেন। নিয়ম বহির্ভূতভাবে পরিষদের অধিকাংশ কাজ চেয়ারম্যান তার ছেলে শেখ মো. আহসান উল্লা মুক্তি ও ইউপি সচিবকে দিয়ে করান। এছাড়াও সরকারি বরাদ্দ, ত্রাণ, কাবিখা, কাবিটা, টিআর, হাটের অর্থ, রাজস্ব খাতের অর্থ ও ইউপি ট্যাক্সের অর্থ আত্মসাৎ করেন। দুর্যোগপূর্ণ অবস্থায় করোনা ভাইরাসের ত্রাণ ইউপি সদস্যদের না জানিয়ে তার ছেলে ও ইউপি সচিব ভাগ বণ্টন করেন।
অভিযোগে তারা আরো জানান, চেয়ারম্যান নিয়ম বহির্ভূতভাবে তার ছেলেকে পরিষদের দোতলার একটি রুম দিয়েছে। কিন্তু ইউপি সদস্যদের বসার কোনো রুম নেই। পাশাপাশি বয়স্ক, বিধবা, প্রতিবন্ধি, মাতৃত্বকালীন ভাতা ইউপি সদস্যদের বাদ দিয়ে তার ছেলের দ্বারা বণ্টন করান।
অভিযোগকারী সদস্যরা হলেন, ৭নং ওয়ার্ড সদস্য মো. ওয়াহেদ আলী সরদার, ৬নং ওয়ার্ড সদস্য মো. আব্দুস সালাম, ৯নং ওয়ার্ড সদস্য মো. মেছের উদ্দিন, ১নং ওয়ার্ড সদস্য মো. হুমায়ন রশিদ, ২নং ওয়ার্ড সদস্য মো. আজাদুল ইসলাম, ৩নং ওয়ার্ড সদস্য মো. জিয়াউর রহমান জিয়া, ৮নং ওয়ার্ড সদস্য মো. জহুরুল ইসলাম, মহিলা সদস্য মোসা. রাজিয়া সুলতানা, মহিলা সদস্য মোসা. নার্গিস পারভিন।
চেয়ারম্যান শেখ মো. আয়েন উদ্দীন বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে সেগুলো মিথ্যা ও ভিত্তিহীন। যদি কোনো অভিযোগ প্রমাণিত হয় তাহলে যেকোনো শাস্তি মেনে নেব।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আবু তাহির বলেন, সরকারি বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
স/এষ্

