নিজস্ব প্রতিনিধিঃ বন্দর নগরী চট্টগ্রামের কর্ণফুলী থানার অন্তর্গত চরলক্ষ্যা গ্রামের ৩নং ওয়ার্ডের খুদ্যারটেক এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে আরিফ দোভাস (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহত আরিফ ওই এলাকার স্থানীয় আহমদ হোসেনের ছেলে। শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সেই সঙ্গে আরও যারা অভিযুক্ত আছে তাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মো. ইসমাইল গনমাধ্যমকে বলেন, কয়েকদিন আগে একটি পানির মোটর চুরি হয়েছিল। এ বিষয় নিয়ে আজ সকালে এলাকায় সালিশি বৈঠকে বসার কথা ছিল।
সালিশে বসতে গিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আরিফকে ধারালো চুরি দিয়ে কোপ দেয় ওই এলাকার শেখ আহমদের ছেলে মো.কাইছার। পরে তাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ সময় ঘটনাস্থলে কাইছারের সঙ্গে আরও চার পাঁচজন মিলে মারামারিতে অংশ নিয়েছিল বলে খবর পাওয়া গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহিরুল ইসলাম বলেন,অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
চমক নিউজ/এমএইচ

