সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া, যশোর ॥ দেশজুড়ে করোন ভাইরাস দূর্যোগের কারণে জনসাধারনের স্বাভাবিক কাজকর্ম ও চলাচল বন্ধ হয়েছে। এতে করে শহর-বন্দর, হাট-বাজার ও গ্রামাঞ্চলের নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির পরিবারগুলোর মাঝে অভাব ও অনটনের প্রভাব দেখা দিয়েছে।
এর ব্যতিক্রম নেই যশোরের বাঘারপাড়া উপজেলাতেও। করোনা দূর্যোগের কারণে উপজেলার প্রতিটি ইউনিয়নের গ্রাম পর্যায়ের বাজার-ঘাট গুলোতেও লক-ডাউন চলছে। ফলে বন্ধ হয়েছে জনসাধারণের স্বাভাবিক চলাচল। এই এলাকার সাধারণ মানুষের দাবি- কৃষকরা তাদের উৎপাদিত ফসল বাজারে নিয়ে ঠিকমতো বিক্রি করতে পারছে না। আবার সাংসারিক নিত্য প্রয়োজনীয় মুদি দোকান কিছু সময়ের জন্য খোলা থাকলেও প্রতিটি পণ্য কিনতে হচ্ছে অতিরিক্ত দামে। ফলে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।
গত বুধবার উপজেলার বাসুয়াড়ী, জামদিয়া, দরাজহাট, ধলগ্রাম এলাকার শত শত নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ও পরিবার প্রধানের অভিযোগ, সংসারে যা কিছু ছিল, গত কয়েকদিনে তার সবই শেষ। গরু-ছাগল বিক্রি করাও যাচ্ছে না, গেলেও একেবারে পানির দাম। এ অবস্থায় আমরা একেবারেই হতাশ। না জানি এভাবে ক’দিন চলবে। তারা বলেন, ইতিমধ্যে শতকরা দুইটি পরিবার সরকারি যে অনুদান পেয়েছে তাও একেবারে সামান্য।
চাল-সহ আনুষঙ্গিক যা পেয়েছে তাতে দুই দিনের বেশি চলার কথা নয়। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার বিভিন্ন অঞ্চলের মধ্যবিত্ত শ্রেণির পরিবারগুলোর এক প্রকার হতাশায় দিন কাটছে। তাদের সঞ্চিত অর্থ ও সাংসারিক চাহিদা মেটানোর সরঞ্জাম ইতিমধ্যেই শেষ হয়েছে। অন্যদিকে সরকারি ও বেসরকারি দান-অনুদান যা কিছু সবই পৌঁছুবে নিম্নবিত্ত ও অতি দরিদ্রদের ঘরে। কেউ খোঁজ নিবে না মধ্যম আয়ের মানুষদের। ফলে সবদিক থেকেই বঞ্চিত হবে তারা।
এরকম একাধিক পরিবারের সাথে কথা বলে জানা যায়, এ উপজেলায় আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নয়টি ইউনিয়নে প্রায় শতাধিক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। যারা আগামী নির্বাচনে প্রার্থী হবেন বলে নিজ নিজ এলাকায় প্রচার-প্রচারনাসহ পোস্টার-লিফলেট বিতরণ করেছেন। কিন্তু করোনা দূর্যোগ শুরু হওয়ার পর তারা যেন গা-ঢাকা দিয়েছেন। এলাকার মানুষের এই দূর্দিনে অভাবী পরিবারগুলোর দুয়ারে সহযোগিতা নিয়ে যাওয়াতো দূরের কথা, সাধারণভাবেও আজ পর্যন্ত কোন খোঁজ-খবর নেয়নি তারা।
অথচ কিছুদিন আগেও তারা অনেকটা ঢাক-ঢোল পিটিয়ে বিভিন্ন দিবস উপলক্ষ্যে প্রচার-প্রচারনার মাধ্যমে আগামী নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে জনসাধারনের দোয়া ও সমর্থন চান। যারা দুর্দিনে এলাকার মানুষের পাশে নেই, নির্বাচনে এলে কিভাবে তারা জনসাধারণের সমর্থণ পাবে সেটাই ভাবছে এলাকাবাসী।
স/এষ্

