ঢাকাশুক্রবার , ১০ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে করোনায় মৃত ব্যক্তির লাশ দাফন, পুরো গ্রাম লক ডাউন

admin
এপ্রিল ১০, ২০২০ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

এম এম রহমান,মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মারা যান সাবেক এক মাদ্রাসা প্রধান (৬৩)। কিন্তু পরিবারের সদস্যরা এই তথ্য গোপন করে লাশ মুন্সীগঞ্জের সিরাজদিখানে এনে দাফন করেছেন।

বিষয়টি জানতে পেরে শুক্রবার দুপুরে ওই ব্যক্তির গ্রামটি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। নিহত ব্যক্তি সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম শিয়ালদী এলাকার বাসিন্দা। তিনি ঢাকায় বাসা ভাড়া করে থাকতেন। সিরাজদিখানের একটি মাদ্রাসার সাবেক মুহতাতিম (মাদ্রাসা প্রধান) তিনি।

বুধবার সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে মারা যান তিনি। এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার ওই ব্যক্তি ঢাকার ভাড়া বাসায় অসুস্থ হয়ে পড়েন। স্বজনেরা তাঁকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেন। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা উপসর্গ দেখে ধারণা করেন, তিনি করোনায় আক্রান্ত। তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠান।

সেখানে তাঁর মৃত্যু হয়। স্বজনেরা হাসপাতালের কাউকে না জানিয়ে লাশ নিয়ে চলে আসেন সিরাজদিখানের পশ্চিম শিয়ালদী গ্রামে। করোনায় আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তিসহ পুরো বিষয়টি গোপন রাখা হয়। ফলে বৃহস্পতিবার জানাজা ও দাফনের সময় অনেক লোকসমাগম ঘটে।

মারা যাওয়া ব্যক্তির এক ভাতিজা বলেন, তাঁর চাচা দীর্ঘদিন ধরে ডায়বেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছিলেন। এতে তাঁরা ভেবেছিলেন, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাননি। তাই জানাজা ও লাশ দাফনের ক্ষেত্রে বিশেষ কোনো নিয়ম মানা হয়নি। কিন্তু পরে জানতে পেরেছেন, তিনি করোনায় আক্রান্ত ছিলেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে থাকার সময় চিকিৎসকেরা ওই ব্যক্তির দেহ থেকে নমুনা সংগ্রহ করেছিলেন। পরে পরীক্ষায় ধরা পড়েছে তিনি করোনা ‘পজিটিভ’ ছিলেন। বিষয়টি বৃহস্পতিবার রাতে গ্রামবাসী জানতে পারেন। ফলে জানাজা ও দাফনে অংশ নেওয়া লোকজনসহ গ্রামের সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশফিকুনাহার জানান, বিষয়টি বৃহস্পতিবার রাতে জানার পরপরই ওই ব্যক্তির বাড়িটি লকডাউন করা হয়। আজ শুক্রবার পুরো গ্রাম লকডাউন করা হয়েছে।

জানাজা ও দাফনে উপস্থিত ব্যক্তিদের স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে শনাক্ত করে হোম কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা হচ্ছে। আর লাশের গোসল করানো ব্যক্তিটি নারায়ণগঞ্জে থাকেন। তাঁকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

স/এষ্