বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় বিদেশ ফেরত ১০ জনকে হোম কোয়ারেন্টাইনে নিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে তাদেরকে ১৪ দিন নিজ বাড়ীতে থাকতে বলা হয়েছে। রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানা পুলিশ জানিয়েছেন গত এক সপ্তাহে উপজেলায় পাঁচ শতাধিক ব্যক্তি বিদেশ থেকে এসেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার জামদিয়া, দরাজহাট, দোহাকুলা, ধলগ্রাম, রায়পুর ইউনিয়ন ও পৌর এলাকার মোট দশ জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। এর মধ্যে একজনকে করোনা ভাইরাস সন্দেহে আইসোলেশানে রাখা হয়েছিল । ভাইরাসের কোনো লক্ষণ না পাওয়ায় শনিবার তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এরা সবাই মালয়েশিয়া, ইতালি, লেবানন ও সৌদি আরব থেকে দেশে ফিরেছেন।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কৌশিক আশরাফ জানিয়েছেন, তিন দিনে বাঘারপাড়ায় বিদেশ ফেরত দশ জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। এ সমস্ত লোকের সর্দি, কাশি ও জ্বর থাকার কারণে তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর সংখ্যা আরো বাড়তে পারে। এসব ব্যক্তিদের বিশেষ নজরদারীতে রাখা হয়েছে। তিনি আরো বলেন, এসব ব্যক্তিরা যেন ঘরের বাইরে ঘোরাফেরা না করে সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
তাদের উপর স্থানীয় স্বাস্থ্য বিভাগ, ইউনিয়ন পরিষদ ও গ্রাম পুলিশকে নজরদারিতে রাখা হয়েছে। কেউ নির্দেশনা অমান্য করলে তাকে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শাস্তির আওতায় আনা হবে। তবে এ উপজেলায় এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এমন কোন রোগী পাওয়া যায়নি।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আল মামুন জানিয়েছেন, বিদেশ ফেরতদের তালিকা অনুযায়ি তাদের বাড়ি বাড়ি যেয়ে হোম কোয়ারেন্টাইনে থাকার কথা বলা হচ্ছে। আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স/এষ্

