ঢাকাবৃহস্পতিবার , ৯ জানুয়ারি ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

যানজট ও বৃষ্টিতে দূর্ভোগের মধ্যেও টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে লাখো মুসল্লি

admin
জানুয়ারি ৯, ২০২০ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

শাহজাহান শোভন, টঙ্গী থেকে : মুসলিম জাহানের দ্বিতীয় ধর্মীয় সমাবেশ তাবলীগ জামাতের ৫৫তম বিশ্ব ইজতেমা শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার মূল কার্যক্রম শুরু হবে।

পাঁচ স্তরের নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে বিশ্ব মুসলিমের অন্যতম বৃহৎ এ ধর্মীয় জমায়েত।

দেশ বিদেশী তাবলীগ জামাতের আ’লমে শূরার ১০ জানুয়ারি শুক্রবার থেকে শুরু হওয়া ইজতেমার আখেরি মোনাজাত হবে ১২ জানুয়ারি রবিবার। মাঝে ৪দিন বিরতি দিয়ে সা’দ অনুসারীদের বিশ^ ইজতেমা ১৭ জানুয়ারি শুক্রবার থেকে শুরু হয়ে ১৯ জানুয়ারি রবিবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ৫৫তম বিশ্ব ইজতেমা।

গাজীপুরের টঙ্গীর কহর ধরিয়াখ্যাত বিশ্ব ইজতেমার ময়দানে যোগ দিতে দলে দলে মুসল্লী গত বুধবার থেকে আসতে শুরু করেছেন। যানজট ও বৃষ্টিতে বিশ্ব ইজতেমায় আগত লাখো মুসল্লী চরম দুর্ভোগে পড়েছে। তিনদিনে ইজতেমার শীর্ষ মুরব্বিরা ঈমান ও আমলের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন।

এদিকে বৃহস্পতিবার সকাল থেকে গাজীপুরে কয়েক দফা বৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়েছেন ইজতেমায় আগত মুসল্লিরা। মুসল্লিদের এ ঢল বৃহস্পতিবার সকালেও দেখা গেছে। শুক্রবার সকাল পর্যন্ত মুসল্লিদের এই ভিড় অব্যাহত থাকবে। বিভিন্ন জেলা থেকে বাসে করে এসব মুসল্লি টঙ্গী স্টেশন রোড, চেরাগআলী, উত্তরার কামারপাড়া এলাকায় নেমে হেঁটে ময়দানে এসে নিজ নিজ জেলার খিত্তায় অবস্থান নিচ্ছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে একপশলা হালকা বৃষ্টি হয়ে যায় টঙ্গীতে। এতে মুসল্লিরা কিছুটা সমস্যায় পড়েন। সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তবে এবার যে সব মুসল্লি ময়দানে তাদের খিত্তায় অবস্থান নিয়েছেন তাদের প্রায় সবাই বৃষ্টির বিষয়টি মাথায় রেখে পলিথিন-কাগজ সঙ্গে নিয়ে এসেছেন। বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেলে ময়দানে চটের নিচে অবস্থান নেয়া মুসল্লিরা দুর্ভোগে পড়বেন। বিশেষ করে খোলা আকাশের নিচে রান্না-বান্না এবং খিত্তায় অবস্থান করাও কঠিন হয়ে যাবে।

ময়মনসিংহ থেকে আসা মুসল্লি আবদুল কাদের জানান, তার সঙ্গে ১০ জন সাথী রয়েছে। বুধবার রাতে তারা ইজতেমা ময়দানে আসেন। ইজতেমায় আসার উদ্দেশ্য দ্বীনের জন্য মেহনত এবং নিজের ঈমান ও আমলকে মজবুত করা। এদিকে এবার পুরো ইজতেমা ময়দান এলইডি লাইট দিয়ে সজ্জিত করেছে গাজীপুর সিটি কর্পোরেশন। শেষ মুহূর্তে মুসল্লিদের যাতায়তের পথগুলো মেরামত, ময়দান পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হচ্ছে।

অপরদিকে ইজতেমা ময়দানের পাশে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পগুলো বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে। বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হচ্ছে। পুরো ইজতেমা ময়দানের চারপাশে সিসি ক্যামেরাগুলো সচল করা হয়েছে। মুসল্লিদের সার্বিক নিরাপত্তা দিতে প্রস্তুতি নিচ্ছে আইন শৃঙ্খখলা বাহিনীর সদস্যরা। গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এড. মো. জাহাঙ্গীর আলম জানান, ইজতেমা ময়দান পরিষ্কার-পরিচ্ছন্নসহ মুসল্লিদের সকল ধরণের সেবা প্রদানের জন্য সিটি কর্পোরেশন প্রস্তুত রয়েছে। আমরা চাই মানুষ যাতে নিরাপদে আসতে পারে এবং যেতে পারে। সবাই যেন রাসুলুল্লাহ (সা.) কে পাওয়ার জন্য যেভাবে পরিশ্রম করছে সে সাথে আমাদের গাজীপুরের মানুষও সহযোগিতা করছে।

বিশ্ব ইজতেমার মুরুব্বি ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান জানান, ময়দানকে মোট ৯২টি খিত্তায় ভাগ করা হয়েছে। এবার দেশের ৬৪ জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। তাদের জন্য ৮৭টি খিত্তা নির্ধারণ করা হয়েছে। পাঁচটি খিত্তা সংরক্ষিত রাখা হয়েছে। কোনো জেলার মুসল্লি বেশি হলে অথবা মাদরাসাছাত্রদের ওই খিত্তাগুলোতে দেয়া হবে। ইজতেমায় অংশ নিতে ট্রেন, নৌকা, বাসসহ বিভিন্ন যানবাহনে হাজারো মুসল্লি ইজতেমা মাঠে সমবেত হচ্ছেন। তারা জামাতবদ্ধ হয়ে দলে দলে ইজতেমা মাঠের নির্ধারিত স্থানে (খিত্তায়) প্রয়োজনীয় মালামাল ও ব্যাগ নিয়ে অবস্থান করছেন। বিশ্ব ইজতেমার প্রথম পর্বে দেশের মুসল্লিদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেবেন। বিদেশি মেহমানদের জন্য বিশ্ব ইজতেমা ময়দানের উত্তর-পশ্চিম পাশে নিবাস তৈরি করা হয়েছে। সেখানে তাদের জন্য গরম পানি, রান্নার জন্য গ্যাস, উন্নত টয়লেটসহ নানা ব্যবস্থা রাখা হয়েছে।
মাঠের একজন জিম্মাদার মাওলানা আহমদ আলী জানান, দেশব্যাপী আলমি শুরার সাথীদের ইজতেমা একসঙ্গে হওয়ায় অনেক মানুষের সমাগমের বিষয়টি বিবেচনা করে এ বছর তাবলিগের মুরব্বিরা ইজতেমার ময়দানের জায়গা সম্প্রসারণের চিন্তা করেছিলেন। আলহামদুল্লিহ, সেই ব্যবস্থা হয়েছে। এ বছর বেড়িবাঁধের পশ্চিমপাশে, বাটা কোম্পারির মাঠে ও হুন্ডা ভবনের খালি অংশ ইজতেমার জন্য প্রস্তুত করা হয়েছে।

চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত তীব্র যানজট

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোর থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে অফিসগামী কর্মজীবী মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা চরম বিপাকে পড়েছেন। যানজট নিরসনে পুলিশের কোনো পদক্ষেপই কাজে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন এ সড়কে যাতায়াতকারী যাত্রীরা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজটের কারণে ঢাকা-বাইপাস ও ঢাকা-টাঙ্গাইল সড়কেরও যানজট লেগে রয়েছে।

সকাল থেকে চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত সড়কের উভয় দিকে যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ যানজট আরও তীব্র হতে থাকে। চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গীগামী যাত্রী বেলায়েত হোসেন, সফিকুল ইসলামসহ বেশ কয়েকজন যাত্রী জানান, সকাল সাড়ে ৬টার দিকে তিনি বাসে উঠেছেন টঙ্গীতে অফিসে যাবেন বলে। সাড়ে ৭টায় এক ঘণ্টায় তিনি মাত্র দুই কিলোমিটার পর্যন্ত আসতে পেরেছেন। বাকি পথ যেতে কত সময় লাগবে তা অনিশ্চিত।

এদিকে টঙ্গী ব্রিজের পর থেকে, স্টেশন রোড, চেরাগআলী, গাজীপুরা, বোর্ড বাজার, ছয়দানা, বাসন সড়ক, ভোগড়া বাইপাস ও চান্দনা চৌরাস্তা মোড় পর্যন্ত বিভিন্ন স্থানে তীব্র যানজট লেগেই রয়েছে।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের কমিশনার আনোয়ার হোসেন বলেন, ট্রাফিকের ওপর প্রচণ্ড চাপ। আমরা সেটা মোকাবেলা করার চেষ্টা করছি। আমরা দৃড়ভাবে বিশ্বাস করি সার্বিক নিরাপত্তা বজায় রাখার জন্য সব ধরনের ব্যবস্থা করবো।

এ ব্যাপারে টঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, সকাল থেকেই মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে থাকায় সড়কে মানুষের সংখ্যা বাড়ছে। এছাড়া হঠাৎ করে মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। যানজট নিরসনে ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ কাজ করছে।

শীত বিবেচনায় মুসল্লিদের চিকিৎসায় সরকারি ও বেসরকারি উদ্যোগে চালু করা হয়েছে স্বাস্থ্য ক্যাম্প। সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট মুসল্লিরা।

কঠোর নিরাপত্তা ব্যবস্থা
মুসল্লিদের নিরাপত্তায় বিশেষ কৌশল হাতে নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। ইজতেমার মূল প্যান্ডেলসহ আশপাশের সকল প্রবেশ পথ ও পার্শ্ববর্তী রাস্তা সিসিটিভির আওতায় আনা হয়েছে। থাকছে জলকামান, রায়টকার, এপিসি, দমকল বাহিনী, অ্যাম্বুলেন্স এবং স্বাস্থ্য অধিদফতর নিয়ন্ত্রিত একাধিক মেডিকেল টীম। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে প্রতিটি প্রবেশপথে নিরাপত্তা চৌকি বসিয়ে ব্যাপক তল্লাশি করা হচ্ছে।

মহাসড়কে যান চলাচলে নিদের্শনা
তাবলীগ জামাতের অন্যতম বৃহত্তম এই সম্মিলনের নিরাপত্তা ও মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পক্ষ থেকে যানবাহন নিয়ন্ত্রণে বিশেষ পদক্ষেপ নেয়া হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) কে এম আরিফুল হক জানান, ইজতেমাকালীন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যানবাহন পার্কিংয়ের স্থান নির্ধারণসহ ১২ জানুয়ারি (রোববার) ইজতেমার আখেরি মোনাজাত উপলক্ষে সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন সড়কে যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

তিনি বলেন, ১২ জানুয়ারি (রোববার) ভোর ৪টা থেকে দুপুর ২টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার সড়ক-মহাসড়কে সকল প্রকার যানচলাচল বন্ধ রাখা হবে। যানচলাচল বন্ধ রাখার স্থানগুলো হচ্ছে- টঙ্গী ব্রিজ থেকে ভোগড়া পর্যন্ত, টঙ্গী স্টেশন রোড ক্রসিং থেকে মীরের বাজার পর্যন্ত এবং মুন্নুগেট হতে কামারপাড়া পর্যন্ত। একইভাবে ১৯ জানুয়ারি (রোববার) অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত উপলক্ষেও ওইসব এলাকার সড়ক-মহাসড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ থাকবে। ১০ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত প্রথম ধাপে এবং ১৭ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত দ্বিতীয় ধাপে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।

বিশ্ব ইজতেমা উপলক্ষে আগত মুসল্লিদের বহনকারী ও সরকারি কাজে ব্যবহৃত যানবাহন পার্কিংয়ের স্থানসমূহ সম্পর্কে কে এম আরিফুল হক জানান, টাঙ্গাইল থেকে আসা মুসল্লিদের বহনকারী সব গাড়ি ভাওয়াল বদরে আলম কলেজ প্রাঙ্গণে থাকবে। ময়মনসিংহ থেকে আসা গাড়ি চান্দনা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান করবে। সরকারি কাজে ব্যবহৃত গাড়ি সফিউদ্দিন সরকার একাডেমি ও কলেজ মাঠে থাকবে। সব ড্রাইভার এই বিদ্যালয়ে অবস্থান করবে। অন্যদিকে বাইরের ইউনিট থেকে আসা অফিসার ও ফোর্সদের বহনকারী সকল যানবাহন টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে অবস্থান করবে।

গাড়ি পার্কিংয়ের বিধিনিষেধ:
রেইনবো ক্রসিং হতে আব্দুল্লাহপুর হয়ে ধউর ব্রিজ পর্যন্ত এবং রামপুরা ব্রিজ হতে প্রগতি সরণি পর্যন্ত রাস্তা ও রাস্তার পাশে কোনো যানবাহন পার্কিং করা যাবে না।

ইজতেমায় আগত মুসল্লিদের যানবাহনগুলো নিম্ন বর্ণিত স্থানে (বিভাগ অনুযায়ী) যথাযথভাবে পার্কিং করবেন।

চট্টগাম বিভাগ পার্কিং : গাউসুল আজম এভিনিউ (১৩ নং সেক্টর রোডের পূর্বপ্রান্ত হতে পশ্চিমপ্রান্ত হয়ে গরিবে নেওয়াজ রোড)। ঢাকা বিভাগ পার্কিং : সোনারগাঁও জনপথ চৌরাস্তা হতে দিয়াবাড়ি খালপাড় পর্যন্ত।

সিলেট বিভাগ পার্কিং : উত্তরার ১৫ নং সেক্টর খালপাড় হতে দিয়াবাড়ি গোলচত্ত্বর পর্যন্ত।

খুলনা বিভাগ পার্কিং : উত্তরার ১৭ ও ১৮ নং সেক্টরের খালি জায়গা (প্রধান সড়কসহ)। রংপুর, রাজশাহী ও

ময়মনসিংহ বিভাগ পার্কিং : প্রত্যাশা হাউজিং।

বরিশাল বিভাগ পার্কিং : ধউর ব্রিজ ক্রসিং সংলগ্ন বিআইডব্লিউটিএ ল্যান্ডিং স্টেশন।

ঢাকা মহানগর পার্কিং : উত্তরার শাহজালাল এভিনিউ, নিকুঞ্জ-১ এবং নিকুঞ্জ-২ এর আশপাশের খালি জায়গা।