ইসলামী বিশ্ববিদ্যাল প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আইন অনুষদের এ্যাসিসটেন্ট প্রফেসর সাজ্জাদুর রহমান টিটুর ১০ হাজার টাকার বিনিময়ে সান্ধ্যকালীন এক শিক্ষার্থীকে ৩ টি কোর্সের পরীক্ষা একই সাথে গ্রহণ করার অভিযোগ উঠেছে।
একই সাথে একই অনুষদের এ্যাসিটেন্ট প্রফেসর ড. আনোয়ারুল ওহাব শাহীন মাত্র দুই ঘন্টায় ৮ টি ইনকোর্স পরীক্ষা গ্রহণ করার ঘটনা ফাঁস হওয়ায় রীতিমত আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। এসব বিষয়ের বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি ও ছাত্র উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রাশিদ আসকারীর নিকট পৃথক পৃথক প্রতিবেদন জমা দিয়েছেন।
একাডেমিক পরীক্ষার মত এমন গুরুত্বপূর্ণ বিষয়ে এমন অনৈতিক, ও আইন সাংর্ঘষিক দায়িত্বহীনতার জন্য যথাপযুক্ত ব্যবস্থা গ্রহনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষকবৃন্দ।
বিশ্ববিদ্যালয়ের ( ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন,‘আইন বিভাগের এ্যাসিটেন্ট প্রফেসর ড. সাজ্জাদুর রহমান টিটু ৯ম ব্যাচের ৩য় সেমিস্টারের এক শিক্ষার্থীর গত বুধবার একসাথে ৩ টি কোর্সের ৯ ঘন্টার পরীক্ষা আবদ্ধ কক্ষে গ্রহণ করেন।
গোপন তথ্যর ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মণ ঘটনাস্থলে উপস্থিত হোন। ওই আবদ্ধ কক্ষে সিটকিনি বন্ধরত অবস্থা থেকে ওই শিক্ষার্থীসহ এক সাথে তিনটি পরীক্ষার খাতা, স্মাট ফোন ও নকল জব্দ করেন। আবদ্ধ কক্ষে কোন পরিদর্শকের উপস্থিতি ছিলনা।
পরে ওই শিক্ষার্থী ১০ হাজার টাকার বিনিময়ে এই পদ্ধতিতে পরীক্ষার সুযোগ পেয়েছে বলেও জানা গেছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি ছাত্র উপদেষ্টা কর্তৃক বৃহস্পতিবার পৃথক পৃথক দুই লিখিত প্রতিবেদন জমা দিয়েছেন।
প্রতিবেদনে উক্ত কোর্স সমূহের প্রশ্নপত্র সংশ্লিষ্ট কোন কোর্স শিক্ষক কর্তৃক প্রণীত নয় বলে উল্লেখ্য আছে। একই অনুষদের এ্যাসিটেন্ট প্রফেসর ড. আনোয়ারুল ওহাব শাহীনের বিরুদ্ধে ৮ টি ইনকোর্স পরীক্ষার মাত্র দুই ঘন্টায় নেওয়ার অভিযোগ রয়েছে।
একাডেমিক পরীক্ষায় খাতার মূল্যায়নে স্বচ্ছতা, স্বেচ্ছাচারিতার, ক্লাস বোধগম্য না হওয়া ও ক্লাস না নেওয়ার ব্যাপারে ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় সভাপতির কাছে দুই দফায় শিক্ষার্থীরা প্রতিকার চেয়ে আবেদন জানালেও তিনি এক কোর্সের পরিবর্তে দুই কোর্স নিয়েছেন বলেও অভিযোগ আছে।’
তিনি আরো বলেন,‘ এ্যাসিসটেন্ট প্রফেসর ড. সাজ্জাদুর রহমান টিটুর বিরুদ্ধে প্রাথমিকভাবে দায়িত্বহীনতা ও বিধি বর্হিভ’তভাবে পরীক্ষা গ্রহণ করা প্রমাণিত হয়েছে যা পরীক্ষা শৃঙ্খলা পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ। বিধায় তাঁর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিনটি অভিযোগ আনোয়ন করেন।
একই দিনে ১০৫, ১০৬, ১০৭ তিনটি কোর্সের ৯ ঘন্টার তিন দিনের পরীক্ষা পরিদর্শক ব্যতিরেকে স্টোর রুমের ভিতর থেকে বন্ধ করে অবারিতভাবে নকল করার সুযোগ প্রদান করেছেন। ৩ টি কোর্সের পরীক্ষার প্রশ্নপত্র সংশ্লিষ্ট কোর্স শিক্ষক কর্তৃক না করা।
যথাযথ প্রক্রিয়ায় মনোনীত পরিদর্শক কর্তৃক পরীক্ষা গ্রহণ না করা। উপর্যুক্ত আনীত অভিযোগের সাথে ওই শিক্ষকের সম্পৃক্ততা প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় সান্ধ্যকালীন কোর্সের ব্যাপারে সকল প্রকার একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে বিরত রাখা হয়েছে। আগামী ৭ কার্যদিবসের মধ্যে বর্ণিত অপরাধের কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবেনা বলে নোটিশ দাখিল করা হয়েছে।’
এ্যাসিসটেন্ট প্রফেসর ড. সাজ্জাদুর রহমান টিটু বলেন,‘ ওই শিক্ষার্থীর পরীক্ষার সময় আমি ক্যাম্পাসে উপস্থিত ছিলাম না। বিষয়টি আমি জানিনা।’
বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) পরীক্ষা নিয়ন্ত্রক এ কে আজাদ লাভলু বলেন,‘ সান্ধ্যকালীন কোর্স বন্ধ হওয়ার পর আবার নতুন করে যে অর্ডিন্যান্স হয়েছে তাতে কি ধরনের শাস্তি উল্লেখ আছে তা আমার জানা নেই। এই পরীক্ষা খাতা পত্র কিভাবে মূল্যায়িত হয় সেটি আমাদের পরীক্ষা নিয়ন্ত্রক কে কোন সময় জানানো হয়না।’
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মণ ‘ ওই শিক্ষার্থীর ব্যাপারে আমি বিষয়টি লিখিতভাবে প্রশাসনের কাছে বিবৃতি দিয়েছি।’
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নাসিম বানু বলেন,‘ এমন গর্হিত কাজের দরুণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভাবমূর্তি নষ্ট করেছে, শিক্ষকদের মর্যাদা ক্ষুন্ন হয়েছে এবং শিক্ষার গুণগত মান নষ্ট হচ্ছে। বর্তমান প্রশাসন ইতোমধ্যে দূর্ণীতির কারণে ৩৬ জন শিক্ষক-কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে। এই বিষয়ে অভিযুক্ত শিক্ষকরা তদন্ত সাপেক্ষে কোন ছাড় পাবেনা বলে প্রত্যাশা করি।’
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রাশিদ আসকারী বলেন,‘দূর্ণীতির বিরুদ্ধে যুদ্ধ ইবি প্রশাসনের ঘোষিত লক্ষ্য। আমরা বিশ্ববিদ্যালয় থেকে দূর্ণীতিমুক্ত করতে নিরন্তর কাজ করে যাচ্ছি।’
স/এষ্

