নিজস্ব প্রতিনিধি : রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।
শনিবার (১০ আগস্ট) পরিদর্শন শেষে তিনি বলেছেন, এবার ডেঙ্গু আতঙ্ক থাকার পরও মানুষের বাড়ি যাওয়ার ঢল নেমেছে। আগের দুই দিনের তুলনায় আজ ঈদযাত্রা মোটামুটি স্বস্তিদায়ক হচ্ছে।
কোথাও দীর্ঘ যানজট নেই, তবে কিছু মহাসড়কে গাড়ির ধীরগতি আছে। এ কারণে সময়মত গাড়ি পৌঁছাতে পারছে না। যাত্রীরা টার্মিনালে বসে কষ্ট পাচ্ছেন। কিছুটা দুর্ভোগ যে নেই, সেটা অস্বীকার করার উপায় নেই।
ডেঙ্গু নিয়ে বিএনপি অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এরা ফটোসেশন আর সংবাদ সম্মেলন করেই ক্ষ্যান্ত।
মাঠ পর্যায়ে এদের দেখা যায় না। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের নেতাকর্মীরা দিনরাত কাজ করছে, ছুটিছাটাও বাতিল করা হয়েছে। বিএনপির ডেঙ্গুনিয়ন্ত্রণ কর্মসূচি কেবল ফেসবুককেন্দ্রিক।
তিনি আরো বলেন ডেঙ্গু নিয়ন্ত্রণে সারাবছর কাজ করাহবে মাঠ পর্যায়ে সচেতনতা বাড়ানো হবে, অ্যাকশন প্ল্যান নেওয়া হবে।
ঈদে ঘরমুখো মানুষের কাছ থেকে বিভিন্ন পরিবহনের বাড়তি ভাড়া আদায় প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় করার সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আমাদের কাছে দিন। আমাদের মনিটরিং টিম কাজ করছে। আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি। শুক্রবার পর্যন্ত এই অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
জনসাধারণকেও বলবো, বাড়তি ভাড়ার বিষয়ে তাৎক্ষণিকভাবে জানাতে।
এসময় বাংলাদেশ পরিবহন মালিক সমিতির মহাসচিব এনায়েতুল্লাহ, বিআরটিএ চেয়ারম্যান মো. মশিয়ার রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স/এন

