বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয় রোভার গ্রুপের সকল সদস্য পদত্যাগ করেছে।
০৪ আগস্ট ২০১৯ বেলা ১১টায় ইউনিটের দায়িত্বপ্রাপ্ত রোভার স্কাউট নেতা রাফিয়া তাসমিন রাখী -কে পদত্যাগ পত্র প্রদান করে সকল রোভার স্কাউট সদস্যরা।
০৩ আগস্ট ২০১৯ বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয় রোভার গ্রুপের দুইজন সিনিয়র রোভার মেটসহ চারজন রোভার মেট পদত্যাগ করে।
তাদের এই পদত্যাগকে কেন্দ্র করে ০৪ আগস্ট ২০১৯ রোভার স্কাউট দলের সকল রোভার স্কাউট সদস্যরাও পদত্যাগ করে।
০৩ আগস্ট ২০১৯ পদত্যাগকৃত রোভাররা হলো- বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয় রোভার গ্রুপের ক- ইউনিটের সিনিয়র রোভার মেট ইসতিয়াক আহম্মদ, রোভার গ্রুপের খ- ইউনিটের গার্ল ইন রোভার এর সিনিয়র রোভার মেট মোসা. কাকলী জাহান, রোভার মেট মো. রানা হামিদ ও সহকারী রোভার মেট শাকিলা আক্তার।
পদত্যাগকৃত রোভাররা জানায়, “আমরা আত্মমর্যাদায় বিশ্বাসী। সবসময় আমরা সত্যের পথে, শান্তির পথে, সেবার মানসে কাজ করে গেছি; যার প্রমাণ জেলা রোভার হতে দেয়া শ্রেষ্ঠ রোভার ইউনিটের সম্মান।
কিন্তু বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ ০১ আগস্ট ২০১৯ তারিখে একটি অফিস আদেশে আমাদের ০৫ আগস্ট এর মধ্যে রোভার ডেন থেকে বের হবার জন্য নির্দেশ দেন।
কিন্তু ০৪ আগস্ট ২০১৯ তারিখেই অফিসের সকল দ্রব্যাদি কলেজ এর প্রশাসনিক হস্তক্ষেপে স্থানান্তর করা হয়। যাতে আমাদের উপরে কলেজ প্রশাসনের চাপ সুষ্পষ্ট।”
রোভারদের পদত্যাগ বিষয়ে রোভার গ্রুপের দায়িত্বপ্রাপ্ত নেতা রাফিয়া তাসমিন রাখী’র সাথে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, “আমার কাছে পদত্যাগের দরখাস্ত জমা রয়েছে।
প্রিন্সিপাল স্যার ছুটিতে থাকার কারণে অনুপস্থিত রয়েছেন, তিনি কলেজে ফিরলে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। রোভার স্কাউটদের অফিস(ডেন) কলেজের প্রয়োজনে স্থানান্তর করা হয়েছে।”
রোভার স্কাউটসূত্রে জানা যায়, রোভারদের অফিস(ডেন) ইতিপূর্বে দুবার কলেজ প্রসাশন স্থানান্তর করেছে। যাতে রোভার স্কাউটিং এর গতি প্রতিবন্ধকতার সম্মুখীন হয়।
বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয় রোভার গ্রুপের কার্যক্রম ও সক্রীয়তা সম্পর্কে বদলগাছী উপজেলা স্কাউটস এর সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম আলী বেগ জানান, পদত্যাগ কোন সমাধান নয়।
“বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয় রোভার গ্রুপের উপজেলা ও জেলার অন্যতম, সক্রীয় রোভার গ্রুপ। তারা উপজেলা প্রশাসনের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানসহ সকল প্রোগ্রামে সক্রীয় ভূমিকা পালন করে থাকে।
যে সমস্যা হয়েছে তা আলোচনার মাধ্যমে সমাধান করা দরকার।”
রোভার স্কাউটদের পদত্যাগ বিষয়ে জানার জন্য বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয় এর অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) ড. রফিকুল ইসলাম শেখ এর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এ বিষয়ে তিনি কিছু জানেন না।”

