নিউজ ডেস্ক : আগামী বছর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ১০টি আন্তর্জাতিক সিরিজ খেলবে বাংলাদেশ।
চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজে অংশ নিবে তারা। এই সিরিজে তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। একই মাসে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে একটি টেস্ট এবং ২ টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের।
এদিকে সেপ্টেম্বরে জিম্বাবুয়ে এবং আফগানিস্তানের বিপক্ষে একটি ত্রিদেশীয় টি টোয়েন্টি খেলার কথা ছিল সাকিব, তামিমদের। তবে দল নির্বাচনে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে জিম্বাবুয়ের সদস্যপদ বাতিল করেছে আইসিসি। ফলে ত্রিদেশীয় সিরিজটিতে তাদের অংশগ্রহণ অনিশ্চিত।
এরপর নভেম্বরে ভারতের মাটিতে ২টি টেস্ট এবং ৩ টি টোয়েন্টি খেলতে যাবে বাংলাদেশ। এই সফরের মধ্য দিয়ে চলতি বছর শেষ করবে তারা।
এরপর আগামী বছরের জানুয়ারিতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। এই সফরে স্বাগতিকদের বিপক্ষে ২টি টেস্ট এবং ৩ টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে সাকিব, তামিমরা।
২০২০ সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাটিতে ২টি টেস্ট খেলার কথা রয়েছে সাকিবদের। এরপর মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট এবং ৫ টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে পারে তারা। যদিও আইসিসির সদস্যপদ হারানোয় এই সিরিজেও অনিশ্চিত থাকছে জিম্বাবুয়ে।
২০২০ সালের মে মাসে আয়ারল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। এই সফরে একটি টেস্ট, ৩টি ওয়ানডে এবং ৩ টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে সফরকারীরা।
তারপর জুলাই এবং আগস্টে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে অংশ নিবে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে সিরিজটি ৩ টেস্টের। অপরদিকে কিউইদের সঙ্গে ২টি টেস্ট খেলবে তারা।
এরপর সেপ্টেম্বরে মাঠে গড়াবে এশিয়া কাপের আসর। এই টুর্নামেন্ট শেষে অক্টোবরে নিউ জিল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে ৩ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই তাদের সর্বশেষ সিরিজ।
স/এষ্

