খালিদ হোসেন মিলু; বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি : আর্সেনিক মুক্ত বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে “নওগাঁ ওয়াটার” নামে এক বে-সরকারী সংগঠনের চেয়ারম্যান এম.এ মতিন আজ সোমবার দুপুরে বদলগাছী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে সংগঠনের চেয়ারম্যান এম. এ মতিন জানান, তিনি প্রায় ২ বৎসর আগে ব্যক্তিগত দায়বদ্ধতা থেকেই আর্সেনিক নিয়ে কাজ করার জন্য নওগাঁ ওয়াটার নামে সংগঠনটি গঠন করেন।
শুরুতে তিনি জেলার বদলগাছী, মহাদেবপুর ও ধামইরহাট উপজেলায় আর্সেনিক নিয়ে কাজ শুরু করতে সেচ্ছাসেবীদের মাধ্যমে জরিপ পরিচালনা করছেন। জরিপ শেষ হলেই তারা অত্যাধুনিক ল্যাব এর মাধ্যমে এই ৩ টি উপজেলার পানি পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু করবেন।
যদি কোথাও পানিতে অতি মাত্রার আর্সেনিক পাওয়া যায় সেই এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের মাধ্যমে মানুষকে বিশুদ্ধ পানি পান করার সুযোগ সৃষ্টি করে দিবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইমামুল আল-হাসান তিতু, হাফিজার রহমান, রুহুল আমিন ও কায়সার সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
সংগঠনের চেয়ারম্যান এম.এ মতিন বদলগাছী উপজেলার মিঠাপুর পুরান হাট গ্রামের মৃত মজির উদ্দীনের ছেলে। তিনি ২০০৪ সাল থেকে আমেরিকায় অবস্থান করছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমেরিকায় আর্সেনিক নিয়ে কাজ করে এমন একটি সংগঠনের মাধ্যমে তিনি উদ্বুদ্ধ হয়েছেন।
আর দেশের প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি এই সংগঠন সৃষ্টি করেছেন। তার এই কাজকে সফল করার জন্য তিনি সকল শ্রেণী পেশার মানুষের পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

