যশোর প্রতিনিধি : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ‘আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে বিশ্ববিদ্যালয় রোবো সোসাইটি সেমিনার আয়োজন করে।
এতে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেছেন, ‘বর্তমান যুগটা হচ্ছে রোবট, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির যুগ। সুতরাং সামাজিক ভারসাম্য রক্ষার মাধ্যমে যদি কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগানো যায়, তাহলে আমাদের আর কখনোই পেছনে পড়ে থাকতে হবে না।
তাই কৃত্রিম বুদ্ধিমত্তাকে মানব কল্যাণে সর্বোত্তম ব্যবহার করতে হবে ।
অধ্যাপক ড. আনোয়ার হোসেন আরও বলেন, বিশ্বের অধিকাংশ কর্মকান্ডই ধীরে ধীরে কম্পিউটারভিত্তিক উন্নত প্রযুক্তির মাধ্যমে সম্পাদিত হচ্ছে। এ সময় আমাদের পেছনে ফিরে তাকানোর কোনো অবকাশ নেই।
প্রযুক্তির এ সুবিধা আমাদের গ্রহণ করতে হবে। একইসঙ্গে দেশে সর্বাধুনিক প্রযুক্তির পূর্ণাঙ্গ ব্যবহার নিশ্চিত করতে হবে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যেসব গবেষণা হয়, সেগুলোর যৌক্তিক পরিণতি হয় খুবই কম। আমার আহ্ববান থাকবে, কোনো গবেষক বা শিক্ষার্থী একটি সুনির্দিষ্ট প্রকল্প নিয়ে কাজ করলে ধৈর্য সহকারে তা শেষ করতে হবে। যেটা নিয়ে গবেষণা করবেন, তা যেন মানুষের কল্যাণে লাগে, এ বিষয়টি খেয়াল করবেন।’
অনুষ্ঠানে মূল বক্তব্য পাঠ করেন বাংলাদেশ রোবোটিকস্ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফিজুল ইমরান। যবিপ্রবির ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. প্রকৌশলী আমজাদ হোসেনের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. এ এস এম মুজাহিদুল হক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মীর মোশাররফ হোসেন, কম্পিউটার প্রকৌশল ও প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান ড. সৈয়দ মো. গালিব, ইন্ডাস্ট্রিয়াল প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আবিদ হোসেন খান, যবিপ্রবি রেবো সোসাইটির সভাপতি আহমেদ নাঈম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফরিদ আহমেদ।
স/এষ্

