বাঘারপাড়া প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক ঘুষ-দুর্নীতির অভিযোগ উঠেছে। এবার চাপের মুখে বাধ্য হওয়া একজন শিক্ষকের জমি বিক্রয় করা টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে।
ঘুষের টাকা ফেরত চেয়ে ভুক্তভোগী শিক্ষক উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত চার মাস আগে উপজেলার ইন্দ্রা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ তেজারত পরিদর্শনে যেয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে সহজ-সরল প্রধান শিক্ষকের নিকট ১ লক্ষ টাকা উৎকোচ দাবি করেন।
অন্যথায় বিভাগীয় মামলার ভয় দেখান। নিরুপায় হয়ে প্রধান শিক্ষক নিজের জমি বিক্রয় করে ৩০ হাজার টাকা ওই কর্মকর্তার হাতে তুলে দেন।
অভিযোগকারী ইন্দ্রা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম জানিয়েছেন, ঘুষের টাকা ফেরত পাওয়ার জন্য বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ জমা দিয়েছি। আগামী ১ আগস্ট নির্বাহী অফিসার শুনানি গ্রহন করবেন বলে জানিয়েছেন।
বিভিন্ন সূত্রে জানা গেছে, শিক্ষা কর্মকর্তা ১১ নভেম্বর ২০১৬ তারিখে বাঘারপাড়ায় যোগদানের পর থেকে প্রতিনিয়ত ঘুষ আর অনিয়মের মাধ্যমে অফিসটিকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন।
এমন কোনো কাজ নাই তিনি করেন নাই। অফিস ফাঁকি তার রুটিন মাফিক কাজ, ১০/১২ দিন পর মাঝে মধ্যে তিনি অফিসে আসেন।
নিজ অফিসের পিয়ন আব্দুস সামাদ থেকে শুরু করে গবেষনা কর্মকর্তা ওয়াহিদুজ্জামান ও সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মামুন আল আজাদের গায়েও তিনি হাত তুলেছেন, এন সি টিবির পুরাতন বই রাতের আধারে চুরি করে বিক্রয় , মা সমাবেশের টাকা আত্মসাত,বিজ্ঞান মেলার টাকাও তিনি পকেটে পুরেছেন।
এছাড়া ২০১৮ ও ২০১৯ সালের এনসিটিবির বই বিতরনের পরিবহন খরচের সকল স্কুল-মাদ্রাসার টাকা ও তিনি তুলে নিয়ে পকেটস্থ করেছেন বলে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান প্রধান জানিয়েছেন। বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি এমদাদ হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্নীতিবাজ এই কর্মকর্তা শিক্ষকদের জিম্মি করে এমপিওভুক্তি, বিএড স্কেল পরিবর্তনসহ বিভিন্ন কাজে হাজার হাজার টাকা পকেটস্থ করছেন। সম্প্রতি সময়ে ওয়াদিপুর আলীম মাদ্রাসার এক জুনিয়র শিক্ষকের এমপিও ভুক্তির জন্য ৮০ হাজার টাকা ঘুষ নিয়েছেন।
মাহমুদপুর সিএসসি নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এনটিআরসিএ এর নিয়োগকৃত হিন্দু ধর্মের শিক্ষকের শাখা অনুমোদন না থাকলেও ঘুষের বিনিময়ে কয়েকবার এমপিওর জন্য জেলা অফিসে পাঠিয়েছেন।
২০১৭ সালে একাধিক পত্রিকায় দুর্নীতিবাজ এই কর্মকর্তার অনিয়মের সংবাদ প্রকাশ হলে, তার বিরুদ্ধে বিভাগীয় একাধিক তদন্ত হলেও অজ্ঞাত কারনে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসের বিভিন্ন সূত্র থেকে নাম প্রকাশ না করার শর্তে জানা যায় তিনি দীর্ঘদিন যাবৎ উপর মহলকে বিভিন্ন কায়দায় ম্যানেজ করে ঐসব অভিযোগ প্রমানিত হলেও রক্ষা পেয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েক জন শিক্ষক জানিয়েছেন, এমপিও নির্দেশনা মোতাবেক সকল কাগজপত্র দিয়ে যথা নিয়মে আবেদন করেন। যাদের ঘুষের রেট বেশি থাকে তাদের কাগজপত্র সঠিক না থাকলেও জেলা অফিসে পাঠান এ মহাদুর্নীতিবাজ কর্মকর্তা।
আবার যাদের আবেদন সঠিক থাকে ঘুষ কম থাকলে তা বাতিল হয়। যোগাযোগ করা হলে জানানো হয়, সঠিকভাবে কাগজপত্র স্ক্যান করা হয়নি।
এভাবে প্রতিধাপেই হয়রানি হতে হচ্ছে শিক্ষকদের। আবার যাদের আবেদন সঠিক থাকে ঘুষ কম থাকলে তা বাতিল হয়। যোগাযোগ করা হলে জানানো হয়, সঠিকভাবে কাগজপত্র স্ক্যান করা হয়নি। এভাবে প্রতিধাপেই হয়রানি হতে হচ্ছে শিক্ষকদের।
জানতে চাইলে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ তেজারত বলেন, “আমান বিরুদ্ধে একটা চক্র ষড়যন্ত্র করছে। তারা আমাকে সরিয়ে অন্যকে এ চেয়ারে বসাতে চায়, তাই তারা উঠেপড়ে আমার পিছনে লেগেছে। অামি ইতিমধ্যে বদলী হওয়ার চেষ্টা করছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ বলেন যে, মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে উৎকোচ গ্রহনের একটা অভিযোগ তিনি পেয়েছেন এবং আগামী ১ আগষ্ট এ বিষয়ে শুনানীর দিন ধার্য করা হয়েছে।
স/এষ্

