আশিকুর রহমান, টাঙ্গাইল : বঙ্গবন্ধু সেতুতে উত্তরবঙ্গগামী শ্যামলী পরিবহনের একটি চলন্ত গাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকালে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ভূঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো.ফেরদৌস। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়িটি বিনা বাঁধায় ও টোলবিহীনভাবে যেতে চাইলে বাঁধা দেয়ার অভিযোগ উঠেছে সেতু কর্তৃপক্ষের বিরুদ্ধে।
জানা যায়, বিকালে বঙ্গবন্ধু সেতুর উত্তরবঙ্গগামী লেনে শ্যামলী পরিবহনের একটি গাড়িতে আগুন ধরে যায়। সে সময় এক ব্যক্তি ৯৯৯ তে ফোন করে ঘটনাটি জানায়। পরে ৯৯৯ থেকে ভূঞাপুর ফায়ার সার্ভিসকে ঘটনাটি জানায়। ঘটনা জানার পর ওই ব্যক্তিকে ফোন করে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে ভূঞাপুর ফায়ার সার্ভিস অগ্নি নির্বাপনের জন্য টোল প্লাজার সামনে পৌঁছালে সেতু কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসের গাড়ি আটকে দেয় এবং ৮৫০ টাকা টোল দাবি করে। পরবর্তীতে সেতু কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসের গাড়ি ফেরত পাঠিয়ে দেয়।
এবিষয়ে ভূঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফেরদৌস বলেন, জরুরী সেবা ৯৯৯ থেকে আমাদের ফোন দিয়ে ঘটনাটি জানানো হয়। আমরা ঘটনা নিশ্চিত হয়ে ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করলে সেতু কর্তৃপক্ষ আমাদের টোল প্লাজায় টোলবিহীন প্রবেশে বাঁধা দিলে আমরা ওই স্থানে পৌঁছাতে পারি নাই। বেশ কিছুক্ষণ অপেক্ষা ও সেতু কর্তৃপক্ষকে অনুরোধ করার পর ঢুকতে না দেয়ায় আমরা ফিরে আসি।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাকও ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
তবে এবিষয়ে বিবিএ’র কর্তৃপক্ষ আহসান হাবিব বাপ্পির মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি ।
স/এষ্

