মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে সন্ত্রাসী অনুপ্রবেশকারীদের মদদ ও এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমের অভিযোগ তুলে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদকের বহিস্কারের দাবীতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর ১২টায় উপজেলার সমবায় মার্কেট এলাকায় সিরাজদিখান আওয়ামীলীগের ত্যাগী নেতাকর্মীবৃন্দের ব্যাণারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হাফেজ ফজলুলের নেতৃত্বে একাংশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাবেক সাংগঠনিক সম্পাদক অভিযোগ করে বলেন, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ও লতব্দী ইউনিয়ন চেয়ারম্যান এসএম সোহরাব হোসেন স্থানীয় বিএনপির চিহ্নিত সন্ত্রাসীদের মদদ দিয়ে লতব্দী ইউনিয়ন আওয়ামীলীগে প্রবেশ করাচ্ছে।
এসব অনুপ্রবেশকারী এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টির মাধ্যমে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড করে বেড়াচ্ছে, এতে একদিকে দলীয় ভাবমুর্তি নষ্ট হচ্ছে অন্যদিকে স্থানীয় প্রকৃত আ’লীগ কর্মী কোণঠাসা হয়ে পরছে।
তিনি আরো অভিযোগ করেন, সোহরাব হোসেনের মদদে এখন আ’লীগের কর্মীদের উপর বিভিন্ন সময় হামলা ও নির্যাতন চালছে। সংবাদ সম্মেলনে অন্যান্যরা বলেন, নির্যাতন ও ত্রাসের রাজত্ব থেকে মুক্তির জন্য আমরা সোহরাব হোসেনের পদত্যাগের দাবী জানাই।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি জামাল হোসেন, উপজেলা যুবলীগনেতা সাইফুল রহমান দিপু, আ’লীগ নেতা হানিফ, দেলোয়ার, আব্দুস সামাদ, হিরন, শাহজাহান বেপারী, রফিক, রবিউল হাসান প্রমুখ।
পরে সংবাদ সম্মেলনে উপস্থিত ক্ষুব্দ নেতাকর্মীর সিরাজদিখান বাজার এলাকা বিক্ষোভ মিছিল করেন। এ ব্যাপারে এস এম সোহরাব হোসেন জানান, গত ইউপি নির্বাচনে আ”লীগের নৌকা প্রতিকের বিরুদ্ধে নির্বাচন করে পরাজিত হওয়ার পর থেকে সে আমার বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্র করে আসছে।
তিনি আরো বলেন, মো: হাফেজ ফজলুল দলের কোন পদে নেই। মূলত আমাকে হেয় প্রতিপন্ন করার জন্যই ভিত্তিহীন অভিযোগে তারা সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে।
স/এষ্

