শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ: সাতক্ষীরায় যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় ন্যাশনাল সার্ভিস কর্মরত বেকার যুবক যুবতিদের চাকরি দিয়ে নানাভাবে আর্থিক সুবিধা গ্রহণের অভিযোগ উঠেছে।
উক্ত অফিসের হেড ক্লার্ক আবুল কালাম আজাদ ও জনৈক সঞ্জিব কুমার এসব অনিয়ম করে যাচ্ছেন বলে জানিয়েছেন ভুক্তভোগিরা।
সদর উপজেলার বকচরা গ্রামের আব্দুর রশিদের কন্যা শারমিন রিমা জানান, মাস্টার্স পাশ করে বসে থাকার পর কোন চাকুরি পাইনি। বাধ্য হয়ে সরকারের দেয়া সুবিধায় বেকারত্ব দুরিকরণ ন্যাশনাল সার্ভিসের আওতায় চাকুরি নিয়েছি। বিগত ৯ মাসের চাকুরিতে আমি যা সুবিধা পেয়েছি তার চেয়ে আমার উপর ভর করে বেশি সুবিধা পেয়েছেন অফিসের হেড ক্লার্ক আবুল কালাম আজাদ।
রিমা বলেন, আমাদের বেতন ৬ হাজার টাকা। এর থেকে ২ হাজার টাকা প্রতিমাসে একাউন্ট জমা হয়। দুই বছর পর ৫০ হাজার টাকা পাওয়া যাবে। বাকি ৪ হাজার টাকা উত্তালনের নামে অফিস সহকারি চেক বইতে আগাম স্বাক্ষর করিয়ে বইটি তিনি হেফাজতে রেখেছেন। প্রতিমাসে বেতন তিনিই তুলে আমাকে দেন দেড় হাজার টাকা আর উনি নেন আড়াই হাজার টাকা।
রিমা আরও জানান, আমি বার বার বলছি, আমার ইউনিয়ন আগরদাড়ি, আপনি আমাকে আগরদাড়ি পোস্টিং দেন। তিনি আমাকে পোস্টিংও দেননা। আবার নানা অজুহাত দেখিয়ে এভাবে আমার টাকা কেটে রাখেছেন প্রতিমাসে।
বকচরা গ্রামের নুর ইসলামের কন্যা নুরুনাহার, শহরের মেহেদীবাগের গোলাম হোসেনের ছেলে আনোয়ার হোসাইন ও শহরের আমতলা মোড়র জনৈকা পাপড়ি আক্তার জানান, আবুল কালাম ও সঞ্জিব এর বাড়ি তল্লাসী করলে আমাদের মতো হাজারো মেয়ে বা ছেলেদের চেক বই তাদের কাছে পাওয়া যাবে। তারা অভিযোগ করে বলেন, আমরা বেকারত্ব দুর করতে চাকুরিতে যাচ্ছি। আর চাকরি ওয়ালারা আমাদের কাছ থেকে বেতনের টাকা কাটছেন। আমাদের চেয়েও যেন তারা বড় অভাবী।
এদিকে, অভিযোগকারি শারমিন রিমা বিকালে সাংবাদিকদের কাছে ফোনে জানান, বিষয়টি জানাজনি হওয়ার পর অফিস সহকারী আবুল কালাম আজাদ আমাদেরকে ফোন করে ডেকে নিয়ে চেক বই ফেরত দিয়েছেন এবং বিষয়টি আর কাউকে না জানানো জন্য অনুরোধ করেছেন।
তবে এ ব্যাপারে যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহকারি আবুল কালাম আজাদ জানান, এ সব বিষয়ে আমরা জড়িত নয়, তৃতীয় পক্ষ জড়িত। তবে, বিষয়টি মিটমাট হয়ে গেছে বলে তিনি আরো জানান।
তবে, সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম জানান, জেলা ব্যাপি ন্যাশনাল সার্ভিসের আওতায় কর্মরত আছে ১৪ হাজারের বেশি বেকার যুবক-যুবতিরা। আর শুধুমাত্র সদর উপজেলায় কর্মরত আছেন ৩ হাজার ৭৭৮ জন। প্রতিমাসে এরা ৬ হাজার করে টাকা পায়।
সকল ঝামেলা মুক্ত করতে তাদের নামেই একাউন্ট খোলা আছে। যার যার একাউন্টে টাকা জমা হয়। তিনি আরো বলেন, এ ধরনের কাজে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
স/এষ্

