অতিরিক্ত সেচ মূল্য ফেরৎ দাবিতে
নওগাঁ প্রতিনিধি ।।
উত্তরাঞ্চল ভিত্তিক কৃষি মন্ত্রনালয়ের অধিনস্থ বিশেষায়িত একটি প্রতিষ্ঠান বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। এর নওগাঁর রাণীনগর জোনে সেচ মূল্য নিয়ে প্রায় আড়াই মাস ধরে নানা অনিয়ম ও বঞ্চনার জের ধরে স্থানীয় কৃষকরা বিক্ষুদ্ধ হয়ে সোমবার দিন বিক্ষোভ মিছিলসহ অফিস ঘেরাও করে তাদের দাবি আদায়ের জন্য বিভিন্ন শ্লোগান দেয়। যে সব চাষি দ্বিগুণ সেচ মূল্য ইতিমধ্যেই দিয়েছেন তাদের অতিরিক্ত টাকা ফেরৎ এবং যারা এখনও দেয়নি তাদের কাছ থেকে যেন নির্ধারিত সেচ মূল্যর চেয়ে অতিরিক্ত না নিতে পারে সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণসহ বিভিন্ন দাবিতে সোমবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ চত্বর ও বরেন্দ্র অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন উপজেলার প্রান্তিক পর্যায়ের বোরো চাষিরা। বরেন্দ্র’র সহকারি প্রকৌশলী তিতুমীর রহমান নির্ধারিত সেচ মূল্য বাস্তবায়নে প্রয়োজনীয় দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলে চাষিরা তাদের বিক্ষোভ প্রত্যহার করে স্ব-স্ব এলাকায় চলে যান। এনিয়ে উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নে মাঠ পর্যায়ের চাষি এবং নলকূপ কতৃপক্ষের মধ্যে দ্বন্দ জড়িয়ে পড়ছে। স্থানীয় প্রশাসন জরুরি ভিত্তিতে শক্ত আইনগত পদক্ষেপ গ্রহণ না করলে উভয় পক্ষের মধ্যে যে কোন সময় মারামারিসহ বড় রকমের রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নলকূপ মালিকরা অতিরিক্ত পাওনা টাকা আদায়ের জন্য চাষিদেরকে চাপা প্রয়োগসহ নাজেহাল করার চেষ্টা করলে নিরুপায় হয়ে বিক্ষুদ্ধ চাষিরা প্রশাসনকে জানান দিতে উপজেলা পরিষদ চত্বর ও বরেন্দ্র অফিসে নানান শ্লোগান সহ বিক্ষোভ করে। উপজেলার দেউলা, বড়গাছা, আকনা, বাশবাড়িয়া, কুজাইল, ঘোষগ্রাম, সদর ইউনিয়নের সিম্বা, লোহাচূড়া, রাজাপুর গ্রামসহ বিভিন্ন এলাকার বিক্ষোভরত চাষিদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিজেদের দায় এ্যারাতে বিভিন্ন অযুহাতে মৌসুমের বাকি সময়টুকু কোন রকম পার করতে কৌশল হিসেবে চাষিদের বারবার ধর্য্য ধরার পরামর্শ দিলেও রহস্যজনক কারণে গভীর নলকূপের কর্তা ব্যক্তিরা নির্ধারিত সেচ মূল্য মানছেন না। এর প্রেক্ষিতে গত ২০ মার্চ ও ২১ মার্চ ব্যক্তি মালিকানাধীন গভীর নলকূপ মালিকদের বাদ দিয়ে শুধুমাত্র বরেন্দ্র’র আওতাধীন গভীর নলকূপ অপারেটরদের নিয়ে দায়সাড়া লোক দেখানো বৈঠক করেন উপজেলা সেচ কমিটি। এতে নির্ধারিত সেচ মূল্য কবে বাস্তবায়ন হবে তা নিয়ে চাষিরা এখনও শংকিত!
জানা গেছে, চলতি মৌসুমে রাণীনগর উপজেলার ৮টি ইউনিয়নের কৃষকরা প্রায় ১৯ হাজার হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষ করছেন। এসব জমিতে চলতি মৌসুমে মোট ২ হাজার ২ শ’ ৩৬ টি গভীর ও অগভীর নলকূপ থেকে সেচ প্রদান করা হচ্ছে। সেচ কমিটির পক্ষ থেকে মৌসুমের শুরুতে সেচ মূল্য নির্ধারণ না করায় গভীর ও অগভীর নূলকূপ মালিক ও তত্ত্বাবধানে থাকা ব্যক্তিরা তাদের ইচ্ছে মত সেচ মূল্য ঘোষনা দিয়ে চাষিদের কাছ থেকে নগদ টাকা আদায় শুরু করে। বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কতৃপক্ষ’র নির্ধারিত সেচ মূল্য ১২৫০ টাকা অথচ নলকূপের দ্বায়িত্বরতরা ১৮০০ থেকে ২৭০০ টাকা পর্যন্ত এলাকা ভেদে চাষিদের কাছ থেকে আদায় করছেন। বরেন্দ্র’র দেখাদেখি মালিকানাধীন নলকূপেও নেওয়া হচ্ছে ২০০০ থেকে ৩০০০ টাকা। এছাড়াও সেচ কমিটি কর্তৃক নির্ধারিত সেচ মূল্য নিয়েও রয়েছে নানা অভিযোগ। চাষিরা অভিযোগ করে বলছেন, উপজেলার যে সব এলাকায় অর্থাৎ একডালা ইউনিয়নের পাকুরিয়া মাঠে স্বাভাবিক ভাবে নেওয়া হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকা অথচ সেচ কমিটি মনগড়া ভাবে একই মাঠে নির্ধারণ করেছেন ১৪০০ টাকা। কালীগ্রাম ও পারইল ইউনিয়নে স্বাভাবিক ভাবে উচু-নিচু মাঠ ভেদে সেচ মূল্য নেওয়া হচ্ছে ১০৫০ থেকে ১২০০ টাকা, সেখানে সেচ কমিটি তাদের ইচ্ছে মত মূল্য নির্ধারণ করেছেন ১৪০০ টাকা। ফলে ইরি-বোরো মৌসুমে সেচ খাতে আর্থিক ভাবে ব্যাপক ক্ষতিগ্রস্থ হচ্ছেন কৃষকরা।
রাণীনগর উপজেলা সেচ কমিটির সদস্য সচিব ও বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষ’র সহকারি প্রকৌশলী তিতুমীর রহমান জানান, বৈঠকের মাধ্যমে নলকূপ মালিকদের নির্ধারিত সেচ মূল্য নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যে সব এলাকায় অতিরিক্ত সেচ মূল্য নেওয়া হচ্ছে, সে সব এলাকার নলকূপ মালিক ও দ্বায়িত্বরতদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
স/এষ্

