মুন্সীগঞ্জ প্রতিনিধি: চলতি অর্থবছরে বরাদ্দ না পাওয়ায় থমকে আছে ১০০ শয্যাবিশিষ্ট মুন্সীগঞ্জ ডায়াবেটিক হাসপাতাল ভবন নির্মাণের কাজ। অর্থ সংকটের কারনে নির্মাণ কাজ এখন বন্ধ রয়েছে। হাসপাতাল নির্মাণে খুশি ছিলো এ জেলার রোগিরা। তবে কাজ বন্ধ থাকায় হতাশ রোগী ও স্থানীয়রা। ডায়বেটিস সমিতি বলছে, প্রকল্প মেয়াদ অনুযায়ী ভবনের কাজ সম্পূর্ণ না হলে প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়েও সমস্যা তৈরি হবে। মুন্সীগঞ্জ গণপুর্ত বিভাগ সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৫ জানুয়ারি মুন্সীগঞ্জ পৌরসভার চরশিলমন্দি এলাকার ৮৪ শতাংশ জমির ওপর ডায়াবেটিক হাসপাতালের ৬ তলা ভবনের নির্মাণ কাজ শুরু হয়। নির্মাণ কাজের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান স্টার লাইট সার্ভিসেস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান।
এ হাসপাতালে থাকবে উন্নত চিকিৎসার সব ধরনের ব্যবস্থা। হাসপাতালটিতে সাধারণ শয্যা ছাড়াও থাকবে কেবিনের ব্যবস্থা। উন্নত চিকিৎসার জন্য থাকবে সিসিইউ। থাকবে ল্যাবরেটরি ও কিডনি ডায়ালিসিস ব্যবস্থা। ডায়াবেটিস জনিত যেকোনো ধরনের উন্নত চিকিৎসাসেবা থাকবে এ হাসপাতালে। ভবন নির্মানে ব্যয় ধরা হয় ১৮ কোটি ১৫ লাখ টাকা। এর মধ্যে ১০ কোটি ৮৩ লাখ টাকা বরাদ্দ পাওয়া যায়। অবশিষ্ট্য টাকার জন্য আপাদত কাজ বন্ধ আছে।
সরেজমিনে ডায়াবেটিক হাসপাতালটি ঘুরে দেখা যায়, হাসপাতালটিতে কোনো কর্মযজ্ঞ চলছে না। থেমে আছে নির্মাণ কাজ। মুল ফটকের কাজ নির্মানাধীন আছে। পাশে নির্মাণ সামগ্রী ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে আছে। সামনে এগুতেই ঠিকাদারি প্রতিষ্ঠানের কয়েকজন শ্রমিকের সাথে দেখা হয়। শ্রমিকরা জানায়, নির্মানাধীন হাসপাতালের দেখবাল করেন তারা। হাসপাতালে নির্মাণ সামগ্রী ও মুল্যবান জিনিস পত্র পাহারা দেন তারা।
খোঁজ নিয়ে জানাযায়, নির্মাণাধীন হাসপাতালের চতুর্থ থেকে ষষ্ঠ তলা পর্যন্ত রোগীদের জন্য সাধারণ শয্যা থাকবে। রোগীদের সুবিধার জন্য ভবনে থাকবে কার্গো লিফট। এ ছাড়া ভবনের তিন দিক থেকেই সিঁড়ির ব্যবস্থা রয়েছে। ডায়বেটিসে আক্রান্ত কমপক্ষে ১০ জন রোগীর সাথে কথা হলে তারা জানায়, মুন্সীগঞ্জে ডায়বেটিসের জন্য ভালো চিকিৎসা ব্যবস্থা নেই। রক্ত ও মুত্র পরীক্ষা ছাড়া অন্য কোন ভালো সেবা পাওয়া যায়না। ডাক্তার দেখাতে গেলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। কোন রোগীর অবস্থা সামান্য গুরুত্বর হলেও ঢাকায় গিয়ে চিকিৎসা নিতে হয়। মুন্সীগঞ্জে আধুনিক চিকিৎসা সেবার ব্যবস্থাসহ নতুন হাসপাতাল নির্মানের উদ্যোগ নেওয়া হলে রোগিরা খুশি হয়। তবে হাসপাতালটির কাজ চলমান অবস্থায় থেমে যাওয়ায় হতাশা হয়েছেন তারা। ভবনটির কাজ দ্রুত শেষ করে হাসপাতালটি মানুষের সেবার উপযোগী করে হস্তান্তর করার দাবি জানান এলাকার রোগী ও স্থানীয়রা।
মুন্সীগঞ্জ ডায়বেটিস হাসপাতালের চিকিৎসক ডা: মো. আখতার হোসেন বাপ্পি জানান,মুন্সীগঞ্জ জেলায় প্রতিদিন ডায়বেটিস আক্রান্ত ৩শ রোগি সেবা নিতে আসে। এ জেলায় প্রতি ১০জন প্রাপ্ত বয়স্ক মানুষের মধ্যে ১জন টাইপ-২ ডায়বেটিস রোগে আক্রান্ত (যাদের টিকা ও ঔষধ দুটোই নিতে হয়) । সচেতনতার অভাবে অনেক রোগী ডায়বেটিস রোগ সমন্ধে অজ্ঞ। আবার অনেকইে জানে না তাদের ডায়বেটিস আছে। তিনি আরো বলেন, বর্তমানে ভাড়া নিয়ে একটি ভবনে বর্হিবিভাগের ডায়বেটিস রোগিদের সেবা দেওয়া হচ্ছে। গুরুত্বর রোগিদের অভ্যন্তরীণ বিভাগে সেবা নিতে ঢাকায় যেতে হচ্ছে। নতুন ভবনে হাসপাতালটি চালু হলে এ অঞ্চলের মানুষের ডায়াবেটিস চিকিৎসার জন্য রাজধানীর ঢাকায় ছুটে যেতে হবে না। ডায়াবেটিক হাসপাতালটি চালু হলে অসহায় ও দরিদ্র রোগীরা স্বল্প খরচে চিকিৎসাসেবা পাবেন। এ ছাড়াও ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে কম খরচে উন্নত চিকিৎসাসেবা মিলবে নতুন এই হাসপাতালে।
মুন্সীগঞ্জ ডায়বেটিস সমিতির সভাপতি মো. মজিবুর রহমান বলেন, হাসপাতালের নির্মানের অর্থ ২১ ভাগ সমিতি ও ৭৯ ভাগ সরকারের বহন করার কথা। আমাদের টুকু আমরা দিয়েছি, সরকারি অংশের টাকার জন্য ভবন নির্মানের কাজ আটকে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠন। তিনি জানান, হাসপাতালের কাজ সম্পূর্ণ না হলে যন্ত্রপাতিও তোলা যাবেনা। রোগিদের সেবাও দেওয়া যাবেনা। রোগিদের কথা মাথায় রেখে দ্রুত নির্মাণ কাজ শেষ করা দরকার।
ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মো. সামান আলী জানান, আমারা ৭০ ভাগের বেশি কাজ শেষ করেছি। অর্থ সংকটের কারণে কার্গো লিফট স্থাপন, বৈদ্যুতিক ও ফিনিশিং এর কাজসহ আনুষঙ্গিক কিছুকাজ এখনো শুরু করা হয়নি। বরাদ্দের অর্থ পেলেই কাজ শুরু করা হবে। প্রকল্পের মেয়াদের মধ্যে ভবন বুঝিয়ে দেওয়া হবে।
মুন্সীগঞ্জ গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান বলেন,মুন্সীগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের কাজ প্রায় শেষের দিকে। চলতি অর্থ বছরে বরাদ্দের কোন অর্থই পাওয়া যায়নি। তাই ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়া যায়নি। ইতিমধ্যে আইএমডির এক কর্মকর্তা নির্মানাধীন হাসপাতালটি পরিদর্শন করেছেন। আশা করি খুব শিঘ্রই অর্থ বরাদ্দ পাওয়া যাবে। আগামী ২-৩ মাসের মধ্যে হাসপাতাল নির্মাণের কাজ শতভাগ সম্পন্ন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ভবন হস্তান্তর করা সম্ভব হবে।
স/রর

