রাহুল রাজ:
দেশের ক্রিকেট পাড়ায় এখন চলছে বিপিএল বাতাস। নানান ঘাতপ্রতিঘাত পেরিয়ে এবার বিপিএল পাড়ি দিচ্ছে ষষ্ঠ আসরে। ড্রেন থেকে মাকড়াশা ক্যামেরার সাথে যোগ হয়েছে আধুনিক প্রযুক্তি। ঢাকার পর্ব শেষে বিপিএল পাড়ি দিয়েছে সিলেটে। সেখান থেকে আবার ফিরে আসবে ঢাকায়। শুরুতে সাদামাটা থাকলেও সময় বাড়ার সাথে বিপিএল এর গায়ে রং লাগতে শুরু করেছে। হাতে গোনা দর্শকের পরিবর্তে গ্যালারি ভরতে শুরু করেছে।
এক টিকিটে দুই খেলা দেখার সুযোগে প্রতিদিন মাঠে ভিড় করছে দর্শকেরা। স্বল্প রানের ম্যাচ যেমন হয়েছে তেমনি রানের ফুলঝুরিও ইতোমধ্যে দর্শক দেখেছে। বিশ্বের অনেক নামজাদা খেলোয়াড় এসে খেলছেন রংপুর, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, কুমিল্লা বা ঢাকার হয়ে খেলতে। বিকেল থেকে বিভিন্ন টেলিভিশনের সামনে ভিড়। সবাই এক মঞ্চে এতো তারকা খেলোয়াড়ের খেলা উপভোগ করতে আগ্রহী। রাজধানী বা দেশের বিভিন্ন টিভির শোরুমগুলোর সামনে দেখা যাচ্ছে, আগ্রহী দর্শকের ভিড়। হাততালি বা উল্লাস যেমন কানে আসে তেমনি আপসোস এর শব্দ ও কান মিস করে না। যার বাড়ি যে অঞ্চলে, সে সেই দলের সমর্থক বনে যাচ্ছেন। ক্রিকেট বোদ্ধার মত নানা উপদেশ পরামর্শ দিতেও কেউ সুযোগ মিস করছে না।
প্রশ্ন হলো এই ‘আনন্দ-বিনোদনের’ আয়োজন যারা করেছেন, কত টাকার বিনিময়ে তারা তা করেছেন? আর এই টাকা তারা পেলেন কোথায়? বিপিএলে একেকটি দল গড়তে আসলে কত টাকা লেগেছে, আর এই টাকার উৎসই বা কী? যে টাকা বিপিএলে বিনিয়োগ করা হয়েছে, সব টাকার কি আয়কর দেয়া হয়েছে? নাকি এখানে ‘ফ্র্যাঞ্চাইজি’ নামের আড়ালে থাকা ব্যবসায়ীরা কালো টাকা বিনিয়োগ করে আরও অনেক ‘টাকা বানানোর একটি উৎসব’ করছেন? এসব তথ্য কি কখনও জানা যাবে? সরকারের আয়কর বিভাগ কী এ ব্যাপারে উদ্যোগী হবেন? এমন নানা প্রশ্ন উঁকি দিয়েছে সাধারণ কৌতূহলী মানুষের মনে। চমক নিউজ চেষ্টা করেছে এসব প্রশ্নে কিছু উত্তর খুঁজতে।
এবারের বিপিএল আসরে সাতটি দল অংশগ্রহণ করছে। বিসিবি’র কাছে দলগুলো একটা করে খরচের হিসেবও দিয়েছে। বিসিবি’র দেওয়া তথ্য অনুযায়ী, এবারের বিপিএল আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইটার্ন্স সব থেকে বেশি অর্থ ব্যয় করেছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স খরচ করেছে মোট ৬ কোটি ২২ লাখ টাকা। এর মধ্যে ১ কোটি ২৪ লাখ টাকা দেশি ক্রিকেটারদের কিনতে এবং ৪ কোটি ৯৮ লাখ টাকা বিদেশি ক্রিকেটারদের কিনতে খরচ করা হয়েছে। আর খুলনা টাইটার্ন্স খরচ করেছে মোট ৩ কোটি ৯৩ লাখ টাকা। এর মধ্যে ৯৯ লাখ টাকা দেশি ক্রিকেটারদের কিনতে এবং ২ কোটি ৯৪ লাখ টাকা বিদেশি ক্রিকেটারদের কিনতে খরচ করা হয়েছে।
সব মিলিয়ে এবারের বিপিএল আসরের সাতটি ফ্র্যাঞ্চাইজির দল গড়তে মোট খরচ হয়েছে ২১ কোটি ৩৭ লাখ টাকা।
প্লেয়ার ড্রাফটের জন্য ৩৭৩ জন বিদেশি খেলোয়াড়ের নাম জমা পড়েছিল। সবচেয়ে বেশি (৮৬) ক্রিকেটার ইংল্যান্ডের। পাকিস্তানের রয়েছেন ৭২ জন। ওয়েস্ট ইন্ডিজের ৫৬, শ্রীলংকার ছিল ৫৫ জন। সেই তুলনায় আফগানিস্তান থেকে আসা ক্রিকেটারদের সংখ্যা কমই (২০)। এছাড়া দক্ষিণ আফ্রিকার ১৮, জিম্বাবুয়ের ১৫ এবং আয়ারল্যান্ডের ছিল ১০ জন ক্রিকেটার।
সবশেষ এবারের আসরে রয়েছেন মোট ২০৪ জন বিদেশি ক্রিকেটার। ১৬৯ জন ক্রিকেটারকে রাখা হয়েছে অন্য ছয়টি গ্রুপে। এর মধ্যে মাত্র ৩ জন স্থান পেয়েছেন ‘এ+’ ক্যাটাগরিতে। ‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন ৫ জন এবং ‘বি’ ক্যাটাগরিতে রয়েছেন ১১ জন। ‘সি’ ক্যাটাগরিতে ১৫, ‘ডি’ ক্যাটাগরিতে ৫২ এবং ‘ই’ ক্যাটাগরিতে রয়েছেন ৮৩ জন ক্রিকেটার।
গেইল-ডি ভিলিয়ার্স প্রতি ম্যাচে পেয়ে থাকেন ২০ থেকে ৩০ হাজার ডলার। অর্থাৎ এক ম্যাচ খেলেই তারা পেয়ে যাবেন ২৫ লাখ! আর পুরো টুর্নামেন্টে খেলালে ৩ কোটি টাকা ছাড়িয়ে যাবে পারিশ্রমিক।
মজার ব্যাপার হলো প্রতিটি অনেক বিদেশি খেলোয়াড় খেলছেন। কিন্তু দলগুলো প্রকাশ করেছে মাত্র হাতে গোন কয়েক জন বিদেশি খেলোয়াড়ের মূল্য তালিকা।
সূত্র মতে জানা যায় খেলোয়াড়দের সঙ্গে দলগুলোর গোপন ‘ডিল’ হয়। তাদের যে টাকায় চুক্তিবদ্ধ ‘ দেখানো’ হয়, তার চেয়ে অনেক বেশি টাকা তারা নেন। আর এ সব লেনদেন হয় অবৈধ পন্থায়, অনেক সময় হুন্ডির মাধ্যমে।
এতো গেল খেলোয়াড়দের টাকা-র লুকোচুরির গল্প। এর বাইরে বিপিএলকে ঘিরে জমে উঠেছে জুয়ার আসর। কয়েকদিন আগে ডয়চে ভেলে একটি প্রতিবেদন প্রকাশ করে, এতে বলা হয়: বাংলাদেশে এখন আলোচিত শব্দ ‘বিপিএল জুয়া’। এই জুয়া এখন ছড়িয়ে পড়েছে শহর থেকে গ্রামে। একে কেউ কেউ বলে টাকা লাগানো। আবার কেউ বলেন বাজি।
প্রতি খেলাতেই বিভিন্ন ক্লাবে বা দলগত ভাবে টাকা লাগানো হয়। ৪০ থেকে ৫০ জন বাজিতে অংশ নেন। একেকজন দলপ্রতি ২০-৩০ হাজার টাকা বাজি ধরেন। আর টাকা জমা রাখা হয় একটি মাত্র লোকের কাছে। যারা জেতেন তারা টাকা নিয়ে যান। দলের সক্ষমতা অনুযায়ী বাজির টাকা ওঠা-নামা করে।
বিপিএল নিয়ে যে ঢাকার অলিতে-গলিতে জুয়ার আসর বসে, বিষয়টা সামনে আসে গত আসরে বাড্ডায় বিপিএল জুয়া নিয়ে এক তরুণের নিহত হওয়ার পর। আগেও বিপিএলের জুয়া কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্তে বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে।
বিপিএলের শুরু থেকে চলতি পর্যন্ত ম্যাচেই কয়েকশত কোটি টাকার জুয়ার কারবার হয়েছিল বলে অভিযোগ উঠেছে। শত শত কোটি টাকার জুয়া খেলা হচ্ছে ঢাকার বিভিন্ন বড় বড় হোটেল এবং রেস্তোরাগুলোতে। কম-বেশি সারা দেশেই নাকি চলছে জুয়া খেলা। পাড়ার চায়ের দোকান থেকে শুরু করে বড় বড় হোটেল-রেস্তোরাঁ এমনকি ব্যক্তিগত পর্যায়েও চলছে বিপিএল নিয়ে জুয়ার এই ভয়ংকর আসর।
বেশিরভাগ ক্ষেত্রেই জুয়াড়িরা সামনাসামনি না থেকে ব্যবহার করছেন মোবাইল ফোন এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এসবের মাধ্যমেই তারা প্রতি ম্যাচ, বল, ওভার কিংবা ব্যাটসম্যানের রানের দর ঠিক করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে গ্রুপ করে বল প্রতি জুয়া খেলা চলছে।
এর আগের আসরে বিপিএলে খেলা দেখতে এসে মাঠে বসেই জুয়া খেলতে থাকায় মোট ৭৭ জনকে চিহ্নিত করেছে বিসিবির দুর্নীতি দমন ইউনিট। এরমধ্যে ৬৫ জন বাংলাদেশি। বাকিদের মধ্যে ১০জনই ভারতীয়। এই জুয়ায় অংশ নিয়ে অনেকে নিঃস্ব হচ্ছেন। অনেকে আবার আঙ্গুর ফুলে কলাগাছও বনে যাচ্ছেন।
বোঝাই যাচ্ছে, এই জুয়া-চক্র এক দিনে গজায়নি। ধীরে ধীরে ডানা ছড়িয়েছে। এইসব নিয়ন্ত্রণ করার দায়িত্ব সরকারের। এর ফলে যে অবৈধ অর্থের লেনদেন হচ্ছে, তার ক্ষতিটা বাংলাদেশকেই বহন করতে হবে।
সরকারি স্তরে কড়া ব্যবস্থা নিয়ে এই জুয়া ঠেকানো অসম্ভব নয়। ক্রিকেট বেটিং বা স্পোর্টস জুয়া প্রতিরোধে কার্যকর আইন প্রণয়ন এবং অনলাইন বেটিং সাইট বন্ধে বিটিআরসিকে অবিলম্বে উদ্যোগ নিতে হবে বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও খেলোয়াড়দের এই সংক্রান্ত সচেতনতায় এগিয়ে আসতে হবে। এছাড়া আইন প্রয়োগকারী সংস্থাকে কঠোর ও কার্যকরী ব্যবস্থা নিতে হবে মনে করে তারা।
এভাবে ক্রিকেট জুয়ার প্রভাব বাড়তে থাকলে ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের যে সুন্দর ভাবমূর্তি আছে, তা নষ্ট হবে এবং ক্রিকেট তার সৌন্দর্য হারাবে। ক্রিকেট বেটিংয়ের এর কুপ্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে এখনই জাতীয় উদ্যোগ গ্রহণ করা দরকার বলে মনে করে দেশের কোটি ক্রিকেট প্রেমী।
স/ব

