নিজস্ব প্রতিনিধি : শূন্যে উপর টুপি ছুঁড়ে মিউজিকের তালে তালে সেই টুপি একজনের মাথা থেকে অন্য জনের মাথায় চলে যায়। বা নাসিরের লাটিম খেলা অথবা রুমার পাঁচটি রিং নিয়ে খেলা সব প্রদর্শন গুলোই ছোট থেকে বড় সবাই চোখ বড় বড় করে দেখছিল। আর মুহুর মুহুর করতালিতে ভরে উঠছিল কাওলার লাভ রোড। ছুটির দিনের সকালে সবাই আগ্রহ নিয়ে উপভোগ করছিল আকর্ষণীয় অ্যাক্রোবেটিক শো।
দেশের অন্যতম শিশু-কিশোর নাট্য দল কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর আমন্ত্রণে বাংলাদেশ শিল্পকলার অ্যাক্রোবেটিক দল শুক্রবার সকালে রাজধানীর কাওলায় প্রদর্শন করে বিশেষ শো। বাংলাদেশ শিল্পকলার মহাপরিচালক লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় শহরবাসীকে নির্মল ও রুচিশীল বিনোদন উপহার দিয়ে মানুষের মাঝে শিল্পের বোধ ছড়িয়ে দিতে ‘শিল্পের শহর ঢাকা’ কার্যক্রমের উদ্যোগ নেয়া হয়।
এই কার্যক্রমের ধারাবাহিকতায় ঢাকা শহরের বিভিন্ন স্থানে সাংস্কৃতিক কর্মকান্ডের অংশ হিসেবে এই অ্যাক্রোবেটিক শো প্রদর্শন। শিল্পী মাহবুবুর রহমান এর পরিচালনায় ঢাকা শহরের বিভিন্ন স্থানে ৬০ জন বিশেষ পারদর্শী শিল্পীদল এই অ্যাক্রোবেটিক শোতে অংশগ্রহণ করে থাকে। সুজন মাহাবুবের সঞ্চালনায় বাংলাদেশ শিল্পকলার অ্যাক্রোবেটিক দলটি কাওলায় তাদের ৩৪৬ তম শো প্রদর্শন করে।
অ্যাক্রোবেটিক শো এর উদ্বোধন করেন ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলার সফিউদ্দিন মোল্যা পনু, মুক্তিযোদ্ধা ডা: সিরাজ, সাংবাদিক হাফিজুর রহমান রাসা ও কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর প্রতিষ্ঠাতা রাহুল রাজ।
স/এষ্

