কোটা সংস্কার আন্দোলনকারীদের পতাকা মিছিলে আবারও হামলা চালিয়েছে ছাত্রলীগ । সোমবার (২ জুলাই) সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী পতাকা মিছিল ও বিক্ষোভ করার জন্য সোমবার সকাল ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনকারীরা জড়ো হতে থাকে। এসময় তাদের ওপর হামলা হয়।
আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশপাশের বেশ কিছু কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালিয়েছে।
তারা আরও বলেন, পতাকা মিছিল ও বিক্ষোভ শুরু করার আগে ১৫-২০ জন ছাত্রলীগ নেতা মোটরসাইকেলে শহীদ মিনারে আসেন। এরপর তারা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেনকে মারধর করে এবং মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছে ছাত্রলীগ।
এর আগে শনিবার (৩০ জুন) কোটা সংস্কার আন্দোলনকারীদের সংবাদ সম্মেলন করার কথা ছিল। এর কিছুক্ষণ আগে তাদের ওপর হামলা চালানো হয়। হামলায় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূরসহ বেশ কয়েকজন আহত হন।
কোটা সংস্কার আন্দোলনের নেতারা অভিযোগ, ছাত্রলীগ এই হামলা চালিয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ দাবি করেছে, কোটা নিয়ে আন্দোলনকারীদের অন্তর্কলহের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে।
আরআর

