রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তার পত্নী রাশিদা খানম দেশের ৪৮তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২৬ মার্চ) বিকেল ৪টা ৪৫ মিনিটে বঙ্গভবনের লনে আয়োজিত এ অনুষ্ঠানে এসে যোগ দেন প্রধানমন্ত্রী।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসাইন, সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ ও বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানাও সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।
বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং বীর শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ স্বাধীনতা ও জাতীয় দিবসের এই অনুষ্ঠানে যোগ দেন। এ ছাড়া অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্টদূত ও হাইকমিশনারগণ, প্রতিমন্ত্রীবৃন্দ, সুপ্রিম কোর্টের বিচারপতিগণ, মন্ত্রিপরিষদ সচিব, সিনিয়র আইনজীবী, তিন বাহিনীর প্রধানগণ, সংসদ সদস্যবর্গ, সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ, সম্পাদকগণ, সাংবাদিক নেতৃবৃন্দ, পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ, শিক্ষাবিদ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, শিল্পী ও বিশিষ্ট নাগরিকগণ অনুষ্ঠানে অংশ নেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে একটি কেক কাটেন। তারা অনুষ্ঠানে অংশ নেয়া যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কুশলাদি সম্পর্কে খোঁজ-খবর নেন এবং তাদের কল্যাণে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। সংবর্ধনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশের বিশিষ্ট সংঙ্গীত শিল্পীগণ দেশাত্মবোধক গান পরিবেশন করেন।
স/এষ্

