রায়কে কেন্দ্র করে বিএনপি অপরাজনীতি করছে। এই রায়ের সঙ্গে সরকারের কোন সংশ্লিষ্টতা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ধানমন্ডিস্থ শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে জরুরি এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আজ বিএনপির সংবাদ সম্মেলনের তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় এ সম্মেলন করে আওয়ামী লীগ।
কাদের বলেন, বিএনপি প্রাতিষ্ঠানিকভাবে দুর্নীতিগ্রস্ত দল। এতিম তহবিলের টাকা ব্যক্তিগত নামে এফডিআর করা, জমি ক্রয় কি দুর্নীতি নয়? খালেদা জিয়া দীর্ঘ দিন থেকে আদালতকে অসম্মান করে আসছেন।
মন্ত্রী বলেন, আদালতে দেরিতে উপস্থিত হয়ে, আদালতে অনুপস্থিত থেকে। অপ্রাসঙ্গিক বিভিন্ন ইস্যুতে উচ্চ আদালতে গিয়ে মামলাকে বিলম্বিত করেছেন। খালেদার রায়ের সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, একটি মামলার রায়কে কেন্দ্র করে যে রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতি ও আতংকের সৃষ্টি করা হয়েছে এটা তো আগে কখনো হয় নি। সন্ত্রাসের মাধ্যমে দুর্নীতি ঢাকা যাবে না। আওয়ামী লীগ কোন সন্ত্রাস ও সহিংসতা সহ্য করবে না। আওয়ামী লীগ জনগনের জানমালের নিরাপত্তা দিতে বদ্ধপরিকর।
তিনি বলেন, রায় নেতিবাচক হলে বিএনপি দেশের আইন মেনে নেবে না। আমাদের দুর্ভাগ্য কি ধরনের ভবিষ্যৎ রেখে যাচ্ছি আমরা । নোংরা রাজনৈতিক প্র্যাকটিস বিএনপি করছে। পৃথিবীতে আগে কখনো হয় নি। এ ধরনের সংস্কৃতি অনুসরণ করা হলে ফলাফল ভালো হবে না।
রায়ের দিন নাশকতা ঠেকাতে আওয়ামী লীগও মাঠে থাকবে উল্লেখ করে কাদের বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জনগনের নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহযোগিতা করবে আওয়ামী লীগ। আমরা তো বিএনপির সঙ্গে পাল্টাপাল্টি কোন অবস্থায় যাই নি। এটা তো দুর্নীতির বিষয়। এ নিয়ে রাজপথে কি করার আছে। তিনি নির্দোষ প্রমাণিত হলে আমাদের সমস্যা কি?
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুকল বোস, যুগ্ম-সাধারণ সম্পাদক দীপু মনি, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.হাছান মাহমুদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, দপ্তর সম্পাদক আবদুস সোবাহান গোলাপ প্রমুখ।
প্রসঙ্গত, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ৮ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। রায়ের একদিন আগেই বুধবার (৭ ফেব্রুয়ারি) জরুরি সংবাদ সম্মেলন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
স/এষ্

