আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে মাজার জিয়ারতের নামে শোডাউনে বের হয়েছেন।
সোমবার (৫ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে সেতুভবনের সভাকক্ষে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের আওয়ায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে তিনটি প্যাকেজের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, খালেদা জিয়ার মাজার জিয়ারত লক্ষ্য নয়। তার লক্ষ্য ৮ তারিখে মামলার রায়কে কেন্দ্র করে রাস্তায় শোডাউন করা। তার লোক আছে, তিনি সেটা দেখাতে চান। এটা করে আদালতের ওপর চাপ সৃষ্টি করতে চান।
খালেদা জিয়া রাস্তায় শোডাউন করতে যাচ্ছেন মন্তব্য করে কাদের বলেন, রাস্তা দখল করলে পুলিশ বাধা দেবেই। মাইলের পর মাইল রাস্তায় যানজট হয়ে যাচ্ছে। ঢাকা সিলেট মহাসড়ক অত্যন্ত ব্যস্ততম সড়ক। মাজার জিয়ারত লক্ষ্য থাকলে কেনো রাস্তা দখল করবেন? মাইলের পর মাইল যানজট সৃষ্টি করে মানুষকে ভোগান্তির মুখে ঠেলে দেওয়া রাজনীতির ভাষা নয়।
মন্ত্রী বলেন, তিনি (খালেদা জিয়া) একাধিকবার দেশের প্রধানমন্ত্রী ছিলেন। তার কাছে দায়িত্বশীল আচরণ আশা করেন দেশের মানুষ। এ ধরনের শোডাউন করা দায়িত্বশীলের পরিচয় নয়।
৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার রায় নিয়ে কাদের বলেন, বিএনপির আন্দোলন মানেই নাশকতা। কারণ আমরা ২০১৪ সালে দেখেছি। নাশকতা সৃষ্টি করতে পারে পুলিশের কাছে এ রকম তথ্য রয়েছে। কোনো ধরণের নাশকতা করা হলে আইনশৃঙ্খলা বাহিনী জবাব দেবে।

স/এষ্

