৭, ৮ এবং ৯ ফেব্রুয়ারি আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে থাকবেন বলে মন্তব্য করেছেন দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
তিনি বলেন, আগামী ৭, ৮, ৯, ফেব্রুয়ারি আমরা রাজপথে থাকবো। যদি আবারও শ্রমজীবী মানুষের ওপর পেট্রলবোমা নিক্ষেপ করা হয়, হামলা করা হয়, সেই হামলা প্রতিহত শুধু নয়, হামলাকারীদের ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে।
শুক্রবার (০২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ আয়োজিত ‘জঙ্গিবাদ সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়াও শ্রমিক সমাজ’ শীর্ষক এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এ সব কথা বলেন।
আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণা হবে। এ মামলার অন্যতম আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ রায় উপলক্ষে বিএনপির নাশকতার আশঙ্কা থেকে তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, বিএনপির কমিটি জাম্বু জেট মার্কা। এত বড় কমিটির সভা দুই বছর পর হচ্ছে। যারা পাঁচ তারকা হোটেলে সভা করে, তারা জনগণের দল নয়।
বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা সম্পর্কে ইঙ্গিত করে তিনি বলেন, বাংলাদেশে কোনো রাজনৈতিক দল পাঁচ তারকা হোটেলে মিটিং করে, এটি আমরা কল্পনাও করতে পারি না। বিএনপির জাম্বু জেট মার্কা কার্যনির্বাহী কমিটির প্রথম সভা হোটেল লা-মেরিডিয়ানে তিন বছর পর হতে যাচ্ছে। আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা প্রতি দুই মাসে একটি হয়। সুতরাং যারা রাজনৈতিক দলের সভা পাঁচ তারকা হোটেলে করে, এরা জনগণের প্রতিনিধিত্ব করে না। এরা জনগণের দল নয়। এরা লুটেরাদের দল। এরা শ্রমিকের দল নয়। শ্রমিকের রক্তচোষাদের দল।
আয়োজক সংগঠনের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইনসুর আলী, বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ।
স/এষ্

