প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো’র একান্ত বৈঠকের পর দ্বিপক্ষীয় বৈঠক হয়। রোববার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার পর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপক্ষীয় এ বৈঠক শুরু হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলি হলে এ বৈঠকে বসেন তারা। এদিন দুই নেতার উপস্থিতিতে ইন্দোনেশিয়া থেকে ‘লিকুইড ন্যাচারাল গ্যাস’ (এলএনজি) আমদানিসহ ৫টি সমঝোতা চুক্তি সই হয়।
এর আগে ১০টার কিছু আগে প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে একান্ত বৈঠক করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল হলে একান্ত বৈঠক হয়।
তিনদিনের রাষ্ট্রীয় সফরে শনিবার ঢাকায় এসে পৌঁছান জোকো। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ তাকে বিমানবন্দরে স্বাগত জানান।
দক্ষিণ এশিয়া সফরের অংশ হিসেবে তিনি এ সফরে আসেন। সফরকালে তিনি রোববার কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন। এ ছাড়া আরো কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন প্রেসিডেন্ট জোকো উইদোদো।
রোববার সকাল তিনি জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে ধানমণ্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠকের পর উইদোদো কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। তাদের মুখ থেকে শুনবেন তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা।
রাতে ঢাকায় ফিরেই জাকার্তার উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর।
স/এষ্

