শিক্ষার গুণগতমান বৃদ্ধি করা সরকারের অন্যতম লক্ষ্য বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে(বিআইসিসি) স্টামফোর্ড ইউনিভার্সিটর “কনভোকেশন ২০১৮” তে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আদর্শ জাতি গঠনে নৈতিক শিক্ষা খুবই জরুরি। আমার বিশ্বাস এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ও সমাজের প্রতি দায়বদ্ধতা অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে গবেষণার মাধ্যমে নতুন তথ্য ও প্রযুক্তি উদ্ভাবন করবে যা বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সহায়তা করবে।
তিনি বলেন, দেশ ও জাতির উন্নয়নে শিক্ষকদের অবদান সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই শিক্ষকদের আধুনিক শিক্ষা পদ্ধতি রপ্ত করে যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে হবে। আমাদের মূল লক্ষ্য সুদূর প্রসারী এবং দৃঢ়। ২০২১ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে উন্নিত হব। ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্ব সমাজে স্থান করে নিতে চাই।
তিনি আরো বলেন, আমরা সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কোনো পার্থক্য করি না। তারা সকলেই আমাদের সন্তান ও জাতির ভবিষ্যৎ। যে সকল বিশ্ববিদ্যালয় সফল হতে পারেনি, বিশ্ববিদ্যালয় পরিচালনার পরিবেশ ও নির্ধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে, যারা মুনাফার লক্ষ্য নিয়ে চলতে চান, যারা একাধিক ক্যাম্পাসে পাঠদান পরিচালনা করছেন তাদের বিরুদ্ধে চাপ অব্যাহত রেখেও সঠিক ধারায় আনা কঠিন হয়ে পড়েছে। এজন্য তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা ছাড়া আর কোনো পথ নেই।
স্টামফোর্ড ইউনিভার্সিটির সমাবর্তন ২০১৮ তে ১৭৭২ জন শিক্ষার্থীদের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী প্রদান করা হয় এবং ৫ জন শিক্ষার্থী চ্যান্সেলর স্বর্ণপদক ও ১৯ জন ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক প্রদান করা হয়।
সমাবর্তনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটস অধ্যাপক ড. এ. কে আজাদ চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান, বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এসোসিয়েশনের এক্সিকিউটিভ কমিটির মাননীয় সদস্য এ. কে. এম. এনামুল হক শামীম, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ ও উপচার্জ প্রফেসর মুহাম্মাদ আলী নকি।
স/এন

