ঝালকাঠি প্রতিনিধিঃ
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশে দুর্ভিক্ষ থাকে না। বিএনপি জোট সরকারের আমলে উত্তর অঞ্চলে প্রায়ই মঙ্গা দেখা দিত। কিন্তু এখন আর এদেশে মঙ্গা নেই। দেশের মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করতেই শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। আর এ জন্যই শেখ হাসিনার সরকারে বিকল্প নেই বলেও মন্তব্য করেন শিল্পমন্ত্রী।
ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়ন পরিষদ মাঠে শুক্রবার সকালে একটি বাড়ি একটি খামার প্রকল্পের সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এসব কথা বলেন।
এর আগে শিল্পমন্ত্রী মোল্লারহাট জেডএ ভূট্রো ডিগ্রী কলেজের তিনতলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। পরে মন্ত্রী পল্লীকর্ম উন্নয়ন সংস্থার সদস্যদের মাঝে গ্রামিণ ঋণ, প্রতিবন্ধীদের মাঝে পরিচয়পত্র ও নতুন ভিজিডি উপকার ভোগীদের কার্ড বিতরণ করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আ’লীগ সভাপতি সরদার মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, উপজেলা আ’লীগ সভাপতি পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান ইউনুস লস্কর,সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান এইচএম আখতারুজ্জামান বাচ্চু প্রমুখ। মোল্লারহাট ইউপি চেয়ারম্যান মোঃ কবির হোসেন হাওলাদার সভায় সভাপতিত্ব করেন।
স/শা

